logo

ফিলিপাইনকে সতর্ক করল চীন

ফিলিপাইনকে সতর্ক করল চীন

নৌ ও বিমানবাহিনীর কার্যক্রম আরও কঠোরভাবে নিয়ন্ত্রণে ফিলিপাইনকে সতর্ক হওয়ার আহ্বান জানিয়েছে চীন।

শুক্রবার (২৭ মার্চ) চীনের গণমুক্তি বাহিনীর দক্ষিণাঞ্চলীয় থিয়েটার কমান্ড মুখপাত্র চাই শিচেন ফিলিপাইনকে অবিলম্বে অঞ্চলটিতে সব ধরনের উসকানিমূলক ও ঝুঁকিপূর্ণ কার্যকলাপ বন্ধ করার আহ্বান জানান। একই সঙ্গে আহ্বান জানিয়েছেন অপপ্রচার ও প্রচারণা থেকে বিরত থাকার।

চাই শিচেন দাবি করেন, গত ২৫ মার্চ চীনের গণমুক্তি বাহিনীর নৌবাহিনীর জাহাজ ৫৩২ নানশা দ্বীপপুঞ্জের চুবি প্রাচীরের নিকটবর্তী নিজেদের জলসীমায় নিয়মিত টহল পরিচালনা করছিল। এ সময় ফিলিপাইন নৌবাহিনীর একটি জাহাজ শনাক্ত করা হয়।

তিনি বলেন, এর পর চীনা জাহাজ ৫৩২ রেডিওর মাধ্যমে সতর্কবার্তা দেওয়া শুরু করে। কিন্তু সতর্কবার্তা উপেক্ষা করে ফিলিপাইনের জাহাজ হঠাৎ গতিপথ পরিবর্তন করে চীনা জাহাজের দিকে বিপজ্জনকভাবে অগ্রসর হয়, যা এর স্বাভাবিক চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করে।

মুখপাত্র আরও বলেন, ফিলিপাইন নৌবাহিনীর জাহাজটির আচরণ ছিল অনিরাপদ ও অপেশাদার, যা সহজেই একটি সামুদ্রিক দুর্ঘটনার শঙ্কা ছিল। আরও খারাপ বিষয় হলো, ফিলিপাইন মিথ্যা অভিযোগ করেছে যে, চীনা জাহাজটি বিপজ্জনকভাবে এগিয়ে এসেছিল।

চাই শিচেন বলেন, আমরা ফিলিপাইনকে জোরালো আহ্বান জানাই তারা যেন তাদের নৌ ও বিমানবাহিনীর কার্যক্রম কঠোরভাবে নিয়ন্ত্রণ করে এবং অবিলম্বে সব উসকানিমূলক ও ঝুঁকিপূর্ণ কার্যকলাপ, পাশাপাশি কুৎসা রটনা ও প্রচারণা বন্ধ করে।’

তিনি আরও জানান, দক্ষিণাঞ্চলীয় থিয়েটার কমান্ডের সেনারা সবসময় সর্বোচ্চ সতর্ক অবস্থায় থাকবে এবং দক্ষিণ চীন সাগরে চীনের ভূখণ্ডগত সার্বভৌমত্ব, নিরাপত্তা ও শান্তি-স্থিতিশীলতা দৃঢ়ভাবে রক্ষা করবে।

তথ্যসূত্র: সিসিটিভি