logo

হামলা সত্ত্বেও ইরানের সঙ্গে চুক্তি সম্ভব: মার্কিন পররাষ্ট্রমন্ত্রী

হামলা সত্ত্বেও ইরানের সঙ্গে চুক্তি সম্ভব: মার্কিন পররাষ্ট্রমন্ত্রী
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। ছবি: সংগৃহীত

ইরানে মার্কিন হামলার কারণে যুদ্ধবিরতি নিয়ে অনিশ্চয়তা তৈরি হলেও দেশটির সঙ্গে একটি সমঝোতা চুক্তি এখনও সম্ভব বলে করেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও।

মঙ্গলবার (১৬ মে) ভারতের জয়পুরে সফরকালে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

রুবিও বলেন, কাতারে কিছু আলোচনা হয়েছে। আমরা দেখব, এতে কোনো অগ্রগতি করা যায় কি না। চুক্তির খসড়া প্রস্তাবের কিছু নির্দিষ্ট শব্দ ও বাক্য নিয়ে দুই পক্ষের মধ্যে ব্যাপক আলোচনা চলছে। তাই বিষয়টি চূড়ান্ত হতে আরও কয়েক দিন সময় লাগতে পারে।

রুবিও আরও বলেন, প্রেসিডেন্ট চুক্তিটি করতে আগ্রহী। তিনি হয় একটি ভালো চুক্তি করবেন, না হলে কোনো চুক্তিই করবেন না।

ইরানের দক্ষিণাঞ্চলে নতুন করে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী। মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানিয়েছে, ইরানের ক্ষেপণাস্ত্র স্থাপনা ও সমুদ্রে মাইন স্থাপনের চেষ্টা করছিল এমন কয়েকটি নৌযানকে লক্ষ্য করে হামলা চালানো হয়েছে।

সেন্টকমের বরাতে বিবিসি জানায়, আত্মরক্ষামূলক পদক্ষেপ এসব হিসেবে হামলা চালানো হয়েছে। ইরানি বাহিনীর সম্ভাব্য হুমকি থেকে মার্কিন সেনাদের নিরাপত্তা দিতেই এ অভিযান চালনো হয়।

সেন্টকমের মুখপাত্র ক্যাপ্টেন টিম হকিন্স বলেন, চলমান যুদ্ধবিরতির মধ্যেও মার্কিন বাহিনী সংযম প্রদর্শন করছে। তবে নিজেদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ অব্যাহত রয়েছে।

মার্কিন কর্মকর্তাদের তথ্য অনুযায়ী, ইরানের গুরুত্বপূর্ণ বন্দরনগরী বন্দর আব্বাসের কাছাকাছি এলাকায় এসব হামলা চালানো হয়েছে। এখানে ইরানের একটি প্রধান নৌঘাঁটি রয়েছে এবং এটি কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালির পাশে অবস্থিত।

এর আগে ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম জানায়, বন্দর আব্বাস এলাকায় বিস্ফোরণের শব্দ শোনার পর স্থানীয় কর্তৃপক্ষ তদন্ত শুরু করেছে। তবে সর্বশেষ মার্কিন হামলার বিষয়ে এখনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানায়নি তেহরান।

৮ এপ্রিল থেকে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে আনুষ্ঠানিকভাবে যুদ্ধবিরতি কার্যকর থাকা সত্ত্বেও এই সর্বশেষ হামলার ঘটনা ঘটল।

এর আগে সোমবার, ইরানের একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল যুক্তরাষ্ট্রের সঙ্গে স্থায়ী শান্তি চুক্তির পথে বাধাগুলো নিয়ে আলোচনা করতে কাতারের দোহায় পৌঁছেছে।