Advertisement

চীনা কোম্পানিতে ইরানের হামলায় নিহত ১

এশিয়া পোস্ট ডেস্ক
চীনা কোম্পানিতে ইরানের হামলায় নিহত ১
ক্ষেপণাস্ত্র হামলা। ছবি: সংগৃহীত

কয়েক দিনের তুলনামূলক স্থবিরতার পর মধ্যপ্রাচ্যের চলমান সামরিক সংঘাত ফের তীব্র রূপ ধারণ করেছে। উত্তর কুয়েতে একটি চীনা প্রতিষ্ঠানের ভবনে ইরান থেকে নিক্ষেপ করা ক্ষেপণাস্ত্র হামলায় ভবনটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এ ঘটনায় একজন বিদেশি শ্রমিক নিহত হয়েছেন।

সংবাদ সংস্থা এপির প্রতিবেদন অনুযায়ী, বৃহস্পতিবার (৩০ জুলাই) সকালে এ হামলার ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছে কুয়েতের সশস্ত্র বাহিনী।

কুয়েতের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র সৌদ আল-আতওয়ান বলেন, ইরানের আগ্রাসন ওই ভবনটিতে আঘাত হানে। ফলে ব্যাপক বস্তুগত ক্ষয়ক্ষতি হয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ অন্যান্য সংস্থার সঙ্গে সমন্বয় করে ঘটনাটির জবাব দিতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ অবিলম্বে শুরু করেছে।

এই ঘটনার মাত্র কয়েক ঘণ্টা আগে জর্ডানের ওপর দিয়ে উড়ে আসা পাঁচটি ইরানি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র মাঝ আকাশেই ধ্বংস করে দেশটির বিমান প্রতিরক্ষা ব্যবস্থা। জর্ডানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ‘পেট্রা’ সশস্ত্র বাহিনীর মুখপাত্রকে উদ্ধৃত করে জানিয়েছে, জর্ডানে ক্ষেপণাস্ত্রগুলো প্রতিহত করার ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

এর আগে জর্ডানে অবস্থিত একটি কৌশলগত মার্কিন সামরিক ঘাঁটিতে ইরানের ব্যর্থ ক্ষেপণাস্ত্র হামলার কঠোর জবাবে মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) ‘ইরানের বিরুদ্ধে ব্যাপক ও সমন্বিত বিমান হামলা’ সম্পন্ন করার ঘোষণা দেয়।

সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক জরুরি বার্তায় সেন্টকম জানায়, যুক্তরাষ্ট্র ইরানের ইসলামি বিপ্লবী গার্ড কোরের (আইআরজিসি) ‘কয়েক ডজন’ কৌশলগত লক্ষ্যবস্তুতে একযোগে হামলা চালিয়েছে। এসব লক্ষ্যবস্তুর মধ্যে রয়েছে আইআরজিসির সামরিক কমান্ড সেন্টার, ক্ষেপণাস্ত্র ও ড্রোন উৎক্ষেপণ কেন্দ্র এবং উপকূলীয় নজরদারি ও নৌ-প্রতিরক্ষা কেন্দ্রসমূহ।