ইরাকের মার্কিন ঘাঁটিতে হামলার পর বসরা বিমানবন্দর লক্ষ্য করে ড্রোন নিক্ষেপ

ইরাকের দক্ষিণ-পূর্বাঞ্চলে অবস্থিত বসরা আন্তর্জাতিক বিমানবন্দরেও ওপর ড্রোন হামলার খবর পাওয়া গেছে। ইরাকি নিরাপত্তা সূত্র আল জাজিরাকে জানিয়েছে, বসরা আন্তর্জাতিক বিমানবন্দর লক্ষ্য করে ড্রোন ছোড়া হয়েছে।
তবে ড্রোনটি কারা ছুড়েছে তা এখনো জানা যায়নি। ড্রোন হামলার ফলে কোনো হতাহতের খবরও এখনো নিশ্চিত হতে পারেনি সংবাদমাধ্যম।
বসরা শহরের কাছাকাছি এবং পারস্য উপসাগরের উপকূলে অবস্থিত বিমানবন্দরটি কৌশলগতভাবে খুবই গুরুত্বপূর্ণ। বসরা শহরটি ইরাকের তেল উৎপাদন ও বাণিজ্যের গুরুত্বপূর্ণ কেন্দ্র।
এর আগে ইরাকে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটি ও স্বার্থ-সংশ্লিষ্ট স্থাপনাগুলোতে বড় ধরনের হামলার দাবি করেছে স্থানীয় সশস্ত্র গোষ্ঠী ইসলামিক রেজিস্ট্যান্স ইন ইরাক (আইআরআই)। গোষ্ঠীটির দাবি, গত ২৪ ঘণ্টায় তারা অন্তত ২৭টি পৃথক সামরিক অভিযান পরিচালনা করেছে। আলজাজিরা এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে। মেসেজিং প্ল্যাটফর্ম টেলিগ্রামে দেওয়া এক বিবৃতিতে আইআরআই এ দাবি জানিয়েছে।
আইআরআই জানিয়েছে, তারা ইরাক ও পার্শ্ববর্তী অঞ্চলে যুক্তরাষ্ট্রে ঘাঁটি লক্ষ্য করে ঝাঁকে ঝাঁকে ড্রোন এবং মিসাইল ছুড়েছে। তবে কৌশলগত কারণে তারা হামলার নির্দিষ্ট স্থানগুলোর নাম প্রকাশ করেনি।
সশস্ত্র গোষ্ঠীটির পক্ষ থেকে হামলার দাবি করা হলেও যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তর বা ইরাকি সরকারের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো হতাহত বা বড় ধরনের ক্ষয়ক্ষতির আনুষ্ঠানিক নিশ্চিতকরণ পাওয়া যায়নি।
ইসলামিক রেজিস্ট্যান্স ইন ইরাক (আইআরআই) মূলত ইরান-সমর্থিত বেশ কয়েকটি শক্তিশালী শিয়া সশস্ত্র গোষ্ঠীর মোর্চা সংগঠন। গাজা যুদ্ধ শুরু হওয়ার পর থেকেই ইসরায়েলকে একতরফা সমর্থনের প্রতিবাদে তারা ইরাক ও সিরিয়ায় অবস্থিত যুক্তরাষ্ট্রের সেনাদের ওপর নিয়মিত হামলা চালিয়ে আসছে।
পারস্য উপসাগরে ইরানের সাম্প্রতিক তৎপরতা এবং হরমুজ প্রণালিতে উত্তেজনার মাঝে ইরাকি এই সশস্ত্র গোষ্ঠীর সক্রিয় হয়ে ওঠা মধ্যপ্রাচ্যের সামগ্রিক পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে বলে ধারণা করা হচ্ছে।