দুবাইয়ে বিশ্বের প্রথম এয়ার ট্যাক্সি স্টেশন, আকাশে চলবে গাড়ি

দুবাই ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের কাছে নির্মিত হলো বিশ্বের প্রথম এয়ার ট্যাক্সি স্টেশন। গত বৃহস্পতিবার সংযুক্ত আরব আমিরাতের ক্রাউন প্রিন্স শেখ হামদান বিন মোহাম্মেদ বিন রাশিদ আল মাকতুম বিশ্বের প্রথম এ এয়ার ট্যাক্সি স্টেশনটির উদ্বোধন করেন।
এ সময় তিনি স্টেশনটিতে এয়ার ট্যাক্সির ভার্টিক্যাল উড্ডয়ন ও অবতরণের বিষয়টি পর্যালোচনা করেন। গন্তব্যে দ্রুত পৌঁছানোর পাশাপাশি সময় সাশ্রয়ের লক্ষ্যে এমন পদক্ষেপ নেওয়ার কথা জানিয়েছে দুবাই কর্তৃপক্ষ।
এয়ার ট্যাক্সির মাধ্যমে পাম জুমেইরাহ এবং দুবাই মেরিনাসহ আশপাশের সিটিগুলো থেকে দুবাইয়ে দ্রুত পৌঁছানো সম্ভব হবে। প্রকল্পটির যাবতীয় কাজ চলতি বছরের শেষ নাগাদ সম্পন্ন হবে বলে আশা কর্তৃপক্ষের। এ প্রকল্পকে দুবাইয়ের অন্যতম একটি মাইলফলক হিসেবে আখ্যা দিয়ে ক্রাউন প্রিন্স বলেন, তারা অসম্ভবকে বাস্তবে রূপ দিয়েছেন। একইসঙ্গে এর মাধ্যমে আকাশপথে গতিশীল পরিবহন ব্যবস্থার প্রতিশ্রুতি বাস্তবায়নের পথেও আরেক ধাপ এগিয়ে যাওয়ার কথাও জানান তিনি।
চলতি বছর থেকেই এয়ার ট্যাক্সির যাত্রা শুরু হবে। এর মাধ্যমে বছরে প্রায় ১ লাখ ৭০ হাজার যাত্রী পরিবহন করা সম্ভব হবে বলেও জানিয়েছে দেশটির রোডস অ্যান্ড ট্রান্সপোর্ট অথরিটি। তিন হাজার একশ বর্গমিটার এলাকায় নির্মিত চারতলা বিশিষ্ট স্টেশনটিতে হেলিপ্যাডের মতো দু’টি এয়ার ট্যাক্সি প্যাড রয়েছে।
এ ছাড়া দুটি তলায় কার পার্কিং ব্যবস্থা, চার্জিং অবকাঠামো এবং শীতাতপ নিয়ন্ত্রিত যাত্রী সুবিধাও রয়েছে। স্টেশনটিতে আন্তর্জাতিক নিরাপত্তা মান নিশ্চিত করা হয়েছে। এর নকশা ও নির্মাণের পাশাপাশি অবকাঠামো পরিচালনার দায়িত্ব পালন করবে আন্তর্জাতিক প্রতিষ্ঠান স্কাইপোর্টস।
অন্যদিকে জোবি এভিয়েশন এয়ার ট্যাক্সির নির্মাণ ও পরিচালনার পাশাপাশি যাত্রী ব্যবস্থাপনার দায়িত্ব পালন করবে। আর সামগ্রিক ব্যবস্থাপনা দেখভাল করবে রোডস ট্রান্সপোর্ট অথরিটি। এয়ার ট্যাক্সি স্টেশনটি নির্মাণের পাশাপাশি জোবি গত বছরের নভেম্বরে প্রথম পরীক্ষামূলক এয়ার ট্যাক্সি ফ্লাইট সম্পন্ন করে। প্রথমবার যাত্রায় মাত্র ১৭ মিনিটে মারঘাম থেকে আল মাকতুম ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে পৌঁছে এ ট্যাক্সি।