Advertisement

ভারতের নতুন শিক্ষামন্ত্রী প্রহ্লাদ জোশী

এশিয়া পোস্ট ডেস্ক
ভারতের নতুন শিক্ষামন্ত্রী প্রহ্লাদ জোশী
ভারতের নতুন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী প্রহ্লাদ জোশী। ছবি: সংগৃহীত

দেশজুড়ে ছড়িয়ে পড়া তীব্র ছাত্র আন্দোলনের মুখে ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর ভারতের নতুন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী হিসেবে দায়িত্ব পেয়েছেন প্রহ্লাদ জোশী। তিনি কট্টর হিন্দুত্ববাদী সংগঠন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের (আরএসএস) রাজনীতির সঙ্গে সম্পৃক্ত। এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস।

শনিবার (২৫ জুলাই) দেওয়া এক সরকারি বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পরামর্শে ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু ক্যাবিনেট মন্ত্রী প্রহ্লাদ জোশীকে তার বর্তমান দায়িত্বের পাশাপাশি অতিরিক্ত হিসেবে শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব অর্পণ করেছেন।

এর মধ্য দিয়ে মেডিকেল ভর্তি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস ও শিক্ষাক্ষেত্রে অনিয়মকে কেন্দ্র করে তৈরি হওয়া চরম রাজনৈতিক উত্তেজনার মধ্যে ভারতের শিক্ষা মন্ত্রণালয়ে নেতৃত্ব রদবদল হলো। প্রধানমন্ত্রী মোদির কাছে ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগপত্র জমা দেওয়ার মাত্র কয়েক ঘণ্টার ব্যবধানে নতুন শিক্ষামন্ত্রী নিয়োগ দিল ভারত সরকার।

কে এই প্রহ্লাদ জোশী

প্রহ্লাদ ভেঙ্কটেশ জোশী বর্তমানে কেন্দ্রীয় ভোক্তা অধিকার, খাদ্য ও গণবণ্টন এবং নতুন ও নবায়নযোগ্য শক্তি মন্ত্রণালয়ের দায়িত্বে রয়েছেন। এখন থেকে এই দপ্তরগুলোর পাশাপাশি তিনি শিক্ষা মন্ত্রণালয়ের গুরুদায়িত্ব সামলাবেন।

পাঁচবারের সংসদ সদস্য (এমপি) প্রহ্লাদ জোশী ভারতীয় জনতা পার্টির (বিজেপি) অন্যতম বিশ্বস্ত ও প্রভাবশালী নেতা হিসেবে বিবেচিত। ২০১৯ সালে তিনি মোদি সরকারের প্রথম মন্ত্রিসভায় সংসদীয় বিষয়াবলি, কয়লা ও খনি মন্ত্রীর দায়িত্ব পালন করেন। পরবর্তীতে ২০২৪ সালে তিনি পুনরায় কেন্দ্রীয় মন্ত্রিসভায় ফিরে আসেন।

রাজনৈতিক পথচলা

১৯৬২ সালের নভেম্বরে উত্তর কর্ণাটকের এক ঐতিহ্যবাহী পরিবারে জন্মগ্রহণ করেন জোশী। তরুণ বয়সেই রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের (আরএসএস) রাজনীতির সঙ্গে যুক্ত হন তিনি। ১৯৯৬ সালে কর্ণাটক বিধানসভায় নির্বাচিত হওয়ার মাধ্যমে তার মূল নির্বাচনী রাজনীতি শুরু হয়।

পরবর্তীতে ২০০৪ সালে ধারওয়াড়-হুব্বাল্লি লোকসভা আসন থেকে জয়লাভ করে প্রথম সংসদে প্রবেশ করেন তিনি। এরপর থেকে প্রতি নির্বাচনেই ২০০৯, ২০১৪, ২০১৯ ও ২০২৪ সালের সাধারণ নির্বাচনে একই আসন থেকে জয়ী হয়ে নিজের শক্ত অবস্থান ধরে রেখেছেন তিনি।

রাজনৈতিক জীবনের নানা চড়াই-উতরাই ও সমালোচনার মধ্যেও কর্ণাটক বিজেপির অন্যতম প্রভাবশালী মুখ হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত রেখেছেন জোশী। শিক্ষা মন্ত্রণালয়ে এই নতুন নেতৃত্বের হাত ধরে ভারতের সাম্প্রতিক প্রশ্নফাঁস বিতর্ক ও প্রশাসনিক অচলাবস্থা কতখানি কাটে, এখন সেটাই দেখার বিষয়।