logo

ইরানের নতুন সর্বোচ্চ নেতাকে সমর্থন উত্তর কোরিয়ার

ইরানের নতুন সর্বোচ্চ নেতাকে সমর্থন উত্তর কোরিয়ার

ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনিকে সমর্থন দিয়েছে উত্তর কোরিয়া। দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, উত্তর কোরিয়ার সরকার ইরানের ওপর মার্কিন-ইসরায়েলি হামলার নিন্দা জানিয়েছে। একইসঙ্গে দেশটি ইরানের নতুন সর্বোচ্চ নেতা হিসেবে মোজতবা খামেনিকে নির্বাচিত করার প্রতি সমর্থন জানিয়েছে।

বুধবার (১১ মার্চ) এ সংবাদ প্রকাশ করেছে আনাদোলু এজেন্সি ও কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সি (কেসিএনএ) ।

উত্তর কোরিয়া বলেছে যে, তারা মোজতবা খামেনিকে নির্বাচন করার সিদ্ধান্তকে সম্মান করে। এর আগে তার বাবা আয়াতুল্লাহ আলি খামেনি মার্কিন-ইসরায়েলি হামলায় নিহত হন। এরপর মোজতবা খামেনিকে নতুন সর্বোচ্চ নেতা হিসেবে মনোনীত করে অ্যাসেম্বলি অব এক্সপার্ট।

কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সির (কেসিএনএ) প্রতিবেদন অনুসারে উত্তর কোরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ইরানের অ্যাসেম্বলি অব এক্সপার্ট কর্তৃক ইসলামি বিপ্লবের নতুন নেতা নির্বাচিত করার ঘোষণাকে আমরা শ্রদ্ধা করি। আমরা ইরানি জনগণের সর্বোচ্চ নেতা নির্বাচনের অধিকার এবং পছন্দকে সম্মান করি।

উত্তর কোরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইরানের বিরুদ্ধে মার্কিন-ইসরায়েলি আক্রমণের তীব্র নিন্দা জানিয়েছেন। তিনি বলেন, আমরা যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের এ আগ্রাসনের বিষয়ে গুরুতর উদ্বেগ জানাচ্ছি। তারা ইরানের ওপর অবৈধ সামরিক আক্রমণ চালিয়ে আঞ্চলিক শান্তি ও নিরাপত্তার ভিত্তি ধ্বংস করছে। এ ঘটনা বিশ্বব্যাপী অস্থিতিশীলতা বৃদ্ধি করেছে। আমরা এ আগ্রাসনের বিষয়ে তীব্র নিন্দা জানাচ্ছি।