logo

ইরানের পক্ষে পোস্ট দিয়ে বাহরাইনে এক বাংলাদেশি ও ৫ পাকিস্তানি গ্রেপ্তার

ইরানের পক্ষে পোস্ট দিয়ে বাহরাইনে এক বাংলাদেশি ও ৫ পাকিস্তানি গ্রেপ্তার

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ইরানের পক্ষে পোস্ট দেওয়ার ঘটনায় একজন বাংলাদেশি ও পাঁচজন পাকিস্তানি প্রবাসীকে গ্রেপ্তার করেছে বাহরাইনের জেনারেল ডিরেক্টরেট অব অ্যান্টি-করাপশন, ইকোনমিক অ্যান্ড ইলেকট্রনিক সিকিউরিটির অধীনে থাকা অ্যান্টি-সাইবারক্রাইম ডিরেক্টরেট।

গ্রেপ্তারকৃতরা হলেন বাংলাদেশি মো. ইস্রাফিল মীর এবং পাকিস্তানি মো. মোয়াজ আকবর, আফজাল খান, আরসালেন আলী সাজিদ, আব্দুর রহমান আবদুল সাত্তার ও আহমেদ মোমতাজ।

বাহরাইনের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাতে পুলিশ মিডিয়া সেন্টারের ওয়েবসাইটে সোমবার (৯ মার্চ) প্রকাশিত এক প্রতিবেদনে জানানো হয়, গ্রেপ্তারকৃতরা ইরানের আগ্রাসন-পরবর্তী পরিস্থিতির ভিডিও ধারণ, প্রকাশ বা পুনরায় শেয়ার করেছেন। এর মাধ্যমে তারা ইরানের আগ্রাসনের প্রতি সহানুভূতি প্রকাশ করে সেই শত্রুতাপূর্ণ কর্মকাণ্ডকে মহিমান্বিত করেছেন। 

তারা নিজেদের ফেসবুক আইডিতে এসব ভিডিও প্রচার করেছেন। এই ধরনের ভিডিও বিভ্রান্তিকর জনমত তৈরি এবং দেশের নাগরিক ও বাসিন্দাদের মধ্যে ভয় ছড়িয়ে দিতে ভূমিকা রাখে। 

দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় আরও জানিয়েছে, এমন পরিস্থিতিতে জাতীয় নিরাপত্তার স্বার্থে সবাইকে সরকারি উৎস থেকে তথ্য সংগ্রহ করার জন্য অনুরোধ করা হয়েছে। একইসঙ্গে অবিশ্বস্ত ভিডিও বা সংবাদ প্রচার বা পুনঃপ্রকাশ থেকে সবাইকে বিরত থাকার আহ্বান জানানো হয়েছে।