logo

ইমাম-মুয়াজ্জিন-পুরোহিতের ভাতা বন্ধ করল শুভেন্দুর সরকার

ইমাম-মুয়াজ্জিন-পুরোহিতের ভাতা বন্ধ করল শুভেন্দুর সরকার
অগ্নিমিত্রা পাল। ছবি: সংগৃহীত

ধর্মীয় পরিচয়ের ভিত্তিতে সমস্ত প্রকল্প বন্ধ করার ঘোষণা দিয়েছে পশ্চিমবঙ্গ সরকার। ফলে বন্ধ হয়ে যাবে ইমাম, মুয়াজ্জিন ও পুরোহিতের ভাতা। আগামী ১ জুন থেকে এই সিদ্ধান্ত কার্যকর হবে।

সোমবার (১৮ মে) মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বে রাজ্যের সচিবালয় নবান্নে অনুষ্ঠিত হয় মন্ত্রিসভার দ্বিতীয় বৈঠক। পরে সংবাদ সম্মেলনে এই সিদ্ধান্ত জানান নারী, শিশু ও সমাজকল্যাণমন্ত্রী অগ্নিমিত্রা পাল।

তিনি আরও জানান, বিধানসভা নির্বাচনে বিজেপির প্রতিশ্রুতি মতো পশ্চিমবঙ্গের নারী ও শিশু উন্নয়ন এবং সমাজকল্যাণ বিভাগের অধীনস্থ অন্নপূর্ণা যোজনা প্রকল্পের নীতিগত অনুমোদন দিয়েছে রাজ্য সরকার। সেক্ষেত্রে আগামী ১ জুন থেকে এই প্রকল্পের সুবিধা পাবেন নারীরা।

তিনি বলেন, পূর্বের লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের অর্থ পাওয়া নারীরা স্বয়ংক্রিয়ভাবে এই প্রকল্পের আওতাভুক্ত হবেন। কিন্তু যেসব নারী বিগত মাসগুলো ধরে এই প্রকল্পের সুবিধা পাননি, শুধু তারাই সরকারের নির্ধারিত পোর্টালে আবেদন করতে হবে। প্রতি মাসে তিন হাজার রুপি করে পাবেন নারীরা।

অগ্নিমিত্রা পাল বলেন, নাগরিকত্বের জন্য সিএএ’তে আবেদন করা ও এসআইআর প্রক্রিয়ায় বাদ করা ৯১ লাখ ব্যক্তির মধ্যে ট্রাইব্যুনালে আবেদনকৃতরা নারীরা এই প্রকল্পের সুবিধা পাবেন।

পাশাপাশি আগামী ১ জুন থেকে রাজ্যের সমস্ত সরকারি বাসে নারীদের জন্য বিনামূল্য পরিবহন প্রকল্পের নীতিগত অনুমোদনও দেয় মন্ত্রিসভা। তবে এখনই সরকারি বাসের সংখ্যা বাড়ানো নিয়ে কোনো সিদ্ধান্ত হয়নি। 

এদিন মন্ত্রিসভার বৈঠকে রাজ্য সরকারি কর্মচারীদের বেতন কাঠামো সংশোধনের লক্ষ্যে সপ্তম বেতন কমিশনের গঠন নিয়েও সিদ্ধান্ত নেওয়া হয়।