চীনে রোবটের জন্য স্কুল, প্রশিক্ষণ দেওয়া হচ্ছে বাস্তব পরিস্থিতি

চীনে রোবট প্রযুক্তিতে এক নতুন দিগন্ত উন্মোচন করছে বেইজিংয়ের বিশেষ 'রোবট স্কুল'। ২০২৬ সালের চুংকুয়ানছুন সম্মেলনে প্রদর্শিত উন্নতমানের রোবটগুলো বর্তমানে রোবট স্কুলের মতো বিশেষ প্রশিক্ষণ কেন্দ্রে বাস্তব জীবনের নানা কঠিন পরিস্থিতির সঙ্গে খাপ খাওয়ানো শিখছে বলে জানিয়েছে সিনহুয়া।
শিল্পকারখানা থেকে শুরু করে স্মার্ট হোম এবং বাণিজ্যিক সেবার মতো ভিন্ন ভিন্ন পরিবেশে কীভাবে দক্ষতার সঙ্গে কাজ করতে হয়, তাই শেখানো হচ্ছে এই প্রশিক্ষণ কেন্দ্রে। বিশেষ প্রক্রিয়ায় তথ্য প্রদানের মাধ্যমে রোবটগুলোর 'মস্তিষ্ক' বা কৃত্রিম বুদ্ধিমত্তাকে আরও দ্রুতগতির ও কার্যক্ষম করে তোলা হচ্ছে।
বিশেষজ্ঞদের মতে, এই প্রশিক্ষিত রোবটগুলো ভবিষ্যতে কারখানা, সুপার মার্কেট এবং ঘরের দৈনন্দিন কাজে সহযোগিতার মাধ্যমে মানুষের জীবনকে আরও সহজ করে তুলবে।
বেইজিংয়ের বিভিন্ন উদ্ভাবনী শিল্প পার্কে এখন রোবটের চলাফেরা আরও নিখুঁত করার প্রযুক্তি নিয়ে কাজ চলছে। বিশেষ করে 'নোইথম টেকনোলজি'র মতো প্রতিষ্ঠানগুলো এমন প্রযুক্তি তৈরি করছে, যা রোবটের হাতের নড়াচড়া ও হাঁটাচলাকে মানুষের মতোই সাবলীল করে তুলবে।
এসব আধুনিক উদ্যোগ ভবিষ্যতে শিল্প খাতে নতুন সম্ভাবনা তৈরি করবে এবং রোবট প্রযুক্তিকে এক অনন্য উচ্চতায় নিয়ে যাবে বলে আশা করা হচ্ছে।