তামিলনাড়ু থেকে ৫০ কথিত বাংলাদেশিকে ফেরত পাঠাচ্ছে ভারত

এশিয়া পোস্ট ডেস্ক
তামিলনাড়ু থেকে ৫০ কথিত বাংলাদেশিকে ফেরত পাঠাচ্ছে ভারত
তামিলনাড়ুর সালেমে আত্তুর জেলা কারাগারে কথিত বাংলাদেশিরা। ছবি: সংগৃহীত

ভারতের দক্ষিণাঞ্চলীয় রাজ্য তামিলনাড়ুতে ৫০ জনকে আটক করেছিল পুলিশ। দাবি করা হয়, তারা ‘বাংলাদেশি’। পরে হোল্ডিং সেন্টারে তথা আটক শিবিরে। তাদের বাংলাদেশে ফেরত পাঠাতে উদ্যোগ গ্রহণ করেছে ভারত সরকার। এর অংশ হিসেবে তাদের তামিলনাড়ু থেকে প্রাথমিকভাবে পশ্চিমবঙ্গে পাঠানো হয়েছে। সেখানে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) হাতে হস্তান্তর করা হবে।

শনিবার (৪ জুলাই) পুলিশের বরাত দিয়ে এসব তথ্য জানিয়েছে দেশটির সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া ও দ্য হিন্দু।

প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশে ফেরত পাঠানোর প্রক্রিয়ার অংশ হিসেবে তামিলনাড়ুর একটি বিশেষ আটক কেন্দ্র থেকে ৫০ জন কথিত বাংলাদেশিকে পশ্চিমবঙ্গে পাঠানো হয়েছে। কড়া পুলিশি নিরাপত্তায় তাদের নিয়ে যাওয়া হচ্ছে। পরে তাদের সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) কাছে হস্তান্তর করা হবে।

পুলিশ জানিয়েছে, তাদের মধ্যে ৪৪ জন পুরুষ ও ছয়জন নারী রয়েছেন। আটকদের সালেম জেলার আত্তুর তালুক অফিস কমপ্লেক্সের বিশেষ আটক শিবিরে রাখা হয়েছিল। নির্বাসনের আদেশ জারির পর গত ৩ জুলাই তিনটি পুলিশ ভ্যানে করে কড়া নিরাপত্তার মধ্যে তাদের সড়কপথে তিরুচিরাপল্লিতে নেওয়া হয়।

তিরুচিরাপল্লি থেকে তাদের একটি বিশেষ সংরক্ষিত কোচে হাওড়া এক্সপ্রেসে তোলা হয়েছে। সালেম সশস্ত্র রিজার্ভের ডেপুটি সুপারিনটেনডেন্ট অব পুলিশ শক্তিভেলের নেতৃত্বে ৪০ সদস্যের একটি সশস্ত্র পুলিশ দল পুরো যাত্রাপথে তাদের নিরাপত্তা দিচ্ছে।

কর্মকর্তারা জানিয়েছেন, তামিলনাড়ু পুলিশ পশ্চিমবঙ্গের হরিদাসপুর স্থলবন্দরে কথিত বাংলাদেশিদের বিএসএফের কাছে হস্তান্তর করবে। এরপর বিএসএফ তাদের বাংলাদেশি কর্তৃপক্ষের কাছে ফেরত দেওয়ার আনুষ্ঠানিক প্রক্রিয়া সম্পন্ন করবে।

আইনি প্রক্রিয়া চলাকালে নথিপত্রহীন বিদেশি নাগরিকদের রাখার জন্য আত্তুরে এই বিশেষ আটক শিবির স্থাপন করা হয়েছিল। কর্মকর্তারা জানিয়েছেন, বর্তমানে সেখানে ১৩০ জনের বেশি বিদেশি নাগরিক রয়েছেন, যাদের বিরুদ্ধে মামলা বিচারাধীন অথবা যারা জামিনে মুক্তি পেয়েছেন।