ইরানে স্কুলে হামলার ঘটনায় চীনের শোক, সহায়তার ঘোষণা
যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় ইরানের একটি প্রাথমিক বিদ্যালয়ে নিহতদের পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছে চীন। শুক্রবার (১৩ মার্চ) এক ব্রিফিংয়ে এ শোক জানান চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র কুয়ো চিয়াখুন।
কুয়ো চিয়াখুন বলেন, ওই হামলায় শিক্ষার্থীদের মৃত্যুর ঘটনায় চীন গভীর শোক প্রকাশ করছে এবং নিহতদের পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানাচ্ছে। বেসামরিক মানুষ ও স্থাপনাকে লক্ষ্য করে যে কোনো নির্বিচার হামলার নিন্দা জানায় চীন।
তিনি আরও জানান, চীনের রেড ক্রস সিদ্ধান্ত নিয়েছে, তারা ইরানের রেড ক্রিসেন্ট সোসাইটিকে দুই লাখ ডলার জরুরি মানবিক সহায়তা প্রদান করবে।
তিনি বলেন, স্কুলকে লক্ষ্যবস্তু করা এবং শিশুদের ক্ষতি করা আন্তর্জাতিক মানবিক আইনের গুরুতর লঙ্ঘন। এটি মানবতা ও নৈতিকতার সীমা অতিক্রম করে।
চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আরও বলেন, ইরানের জনগণকে এই কঠিন পরিস্থিতি মোকাবিলায় সহায়তা করতে চীন প্রয়োজনীয় সমর্থন দিতে প্রস্তুত রয়েছে।