logo

প্রথমবার ইসরায়েল সফরে যাচ্ছেন সোমালিল্যান্ডের প্রেসিডেন্ট

প্রথমবার ইসরায়েল সফরে যাচ্ছেন সোমালিল্যান্ডের প্রেসিডেন্ট
সোমালিল্যান্ডের প্রেসিডেন্ট আবদিরাহমান মোহাম্মদ আব্দুল্লাহি। ছবি: সংগৃহীত

সোমালিয়ার স্বঘোষিত স্বাধীন অঞ্চল সোমালিল্যান্ডের প্রেসিডেন্ট আবদিরাহমান মোহাম্মদ আব্দুল্লাহি (চিরো) প্রথমবারের মতো ইসরায়েল সফরে যাচ্ছেন। ইসরায়েলি গণমাধ্যমের বরাতে জানা গেছে, সোমবার বা মঙ্গলবার (১৬ জুন) তার তেল আবিবে পৌঁছানোর কথা রয়েছে। সোমালিল্যান্ডকে বিশ্বের প্রথম দেশ হিসেবে ইসরায়েল স্বীকৃতি দেওয়ার পর এটিই হবে দেশটির কোনো প্রেসিডেন্টের প্রথম ইসরায়েল সফর।

রোববার (১৪ জুন) সংবাদমাদ্যম আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, এই সফরকে কেন্দ্র করে ইসরায়েলের তেল আবিবে দুই দেশের পতাকা প্রদর্শন করা হয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে সেই পতাকার ছবি শেয়ার করে সোমালিল্যান্ডের কূটনীতিক ইসমাইল শিরওয়াক জানিয়েছেন, প্রেসিডেন্ট মঙ্গলবার ইসরায়েলে পৌঁছাতে পারেন। তবে এই সফরের বিষয়ে সোমালিল্যান্ডের প্রেসিডেন্ট কার্যালয় বা পররাষ্ট্র মন্ত্রণালয় এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কোনো কিছু ঘোষণা দেয়নি।

ভৌগোলিক দিক থেকে সোমালিল্যান্ড অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অঞ্চলে অবস্থিত। এটি এডেন উপসাগরে এবং লোহিত সাগরের দক্ষিণ প্রবেশদ্বারে অবস্থিত। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, মধ্যপ্রাচ্যে ইরান ও তার আঞ্চলিক মিত্রদের প্রভাব মোকাবেলা করার জন্য এই অঞ্চলে নিজেদের কৌশলগত অবস্থান শক্তিশালী করতে সোমালিল্যান্ডকে স্বীকৃতি দিয়েছে ইসরায়েল।

বিশেষ করে লোহিত সাগরে ইয়েমেনের হুতি বিদ্রোহীদের তৎপরতা ইসরায়েলের জন্য বড় উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। সোমালিল্যান্ডের ঠিক উল্টো দিকে এডেন উপসাগরের ওপারে ইয়েমেনের একটি বিশাল অংশ নিয়ন্ত্রণ করে হুতিরা। সম্প্রতি লোহিত সাগরে ইসরায়েল-সংশ্লিষ্ট সব ধরনের বাণিজ্যিক জাহাজ চলাচলের ওপর নিষেধাজ্ঞা জারি করেছে তারা।