ভারতে বিয়ের মঞ্চে কনের পেটে প্রেমিকের গুলি

ভারতের বিহারে বিয়ের মঞ্চে কনের পেটে গুলি করেছে তার প্রেমিক। এর ফলে আনন্দঘন এ অনুষ্ঠানে নেমে এসেছে শোকের ছায়া।
মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) রাতে বিহারের বক্সারে এ ঘটনা ঘটে বলে জানিয়েছে এনডিটিভি।
গুলিবর্ষণে অভিযুক্ত ব্যক্তির নাম দীনবন্ধু। তিনি কনে আরতি কুমারীর প্রতিবেশী। দীনবন্ধু এ যুবতীকে ভালোবাসতেন বলে ধারণা করা হচ্ছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, আঠারো বছর বয়সি আরতি কুমারী তার হবু স্বামীর সঙ্গে বিয়ের মঞ্চে ছিলেন। তারা বন্ধু-বান্ধব এবং পরিবারের সদস্যবেষ্টিত ছিলেন। এমন আনন্দঘন অনুষ্ঠানের মধ্যে মঞ্চের সামনে জড়ো হওয়া অতিথিদের মধ্যে থেকে একজন আরতিকে গুলি করে।
গুলিটি কনের পেটে (নাভির কাছে) লাগে। তখন এ যুবতীকে সজাগ রাখার চেষ্টা করার সময় বিশৃঙ্খলা শুরু হয়। গুলির ঘটনার পর অনুষ্ঠানে উপস্থিত অন্যরা চিৎকার করতে থাকে এবং দৌড়ে পালিয়ে যায়।
পরে আহত কনেকে নিকটবর্তী সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর চিকিৎসকরা নববধূ আরতিকে বারাণসী ট্রমা সেন্টারে রেফার করেন। তার অবস্থা এখনও আশঙ্কাজনক।
ভারতীয় পুলিশের মতে, মঙ্গলবার রাত ১১টার দিকে ঘটনাটি ঘটে।
ওই এলাকার স্থানীয়রা মনে করছেন কনের সঙ্গে অভিযুক্তের প্রেমের সম্পর্কে আছে। এ ঘটনার পর অপরাধী দীনবন্ধু পলাতক থাকলেও পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য তার বাবা-মাকে আটক করেছে।
পুলিশের অতিরিক্ত স্টেশন হাউস অফিসার চন্দন কুমার জানিয়েছেন, অভিযুক্ত ব্যক্তি এর আগে একটি মদের মামলায় জেল খেটেছেন। তাকে গ্রেপ্তারের জন্য পুলিশ অভিযান চালাচ্ছে।