logo

লেবানন থেকে ইসরায়েলে রকেট হামলা

লেবানন থেকে ইসরায়েলে রকেট হামলা

দখলদার ইসরায়েলকে লক্ষ্য করে লেবানন থেকে রকেট ছোড়া হয়েছে। বাংলাদেশ সময় সোমবার (২ মার্চ) ভোরে ইসরায়েলে রকেট নিক্ষেপ করা হয়। এ সময় উত্তর ইসরায়েলে সতর্কতামূলক সাইরেন বেজে উঠেছে। সাইরেনের শব্দ শোনা গেছে বন্দরনগরী হাইফা এবং এর আশপাশের অঞ্চলে। এছাড়া আপার গিলিলিতেও সাইরেন বেজেছে।

হিব্রু ভাষার গণমাধ্যমের প্রতিবেদন অনুসারে, ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) নিশ্চিত করেছে যে লেবানন থেকে রকেট হামলার পিছনে হিজবুল্লাহর হাত ছিল। তবে হিজবুল্লাহ আনুষ্ঠানিকভাবে কোনো কিছু জানায়নি।

সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েল জানিয়েছে, যদি হিজবুল্লাহ রকেটগুলো ছোড়ে তাহলে গত কয়েক মাসের মধ্যে এটি তাদের প্রথম রকেট হামলা হবে। এছাড়া ইরানের সঙ্গে যৌথভাবে ইসরায়েলে প্রথম হামলা হবে এটি। গত বছরের জুনে ইরান-ইসরায়েল ১২ দিনের যুদ্ধে অংশ নেয়নি হিজবুল্লাহ।

২০২৪ সালের নভেম্বরে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ইসরায়েল ও হিজবুল্লাহর মধ্যে যুদ্ধবিরতি হয়। এরপর আর তারা ইসরায়েলে কোনো ধরনের হামলা চালায়নি।

ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, উত্তর ইসরায়েলে নিক্ষেপ করা একটি রকেট ভূপাতিত করেছে তারা। আর কয়েকটি রকেট উন্মুক্ত স্থানে পড়েছে। যেহেতু এগুলো উন্মুক্ত স্থানে ছিল ফলে এগুলো আটকাতে কোনো প্রতিরক্ষা মিসাইল ছোড়া হয়নি।

এ ঘটনায় হতাহত বা ক্ষয়ক্ষতির কোনও খবর এখন পর্যন্ত পাওয়া যায়নি।