logo

হরমুজ প্রণালি: ট্রাম্পকে হতাশ করল এশিয়ার দেশ

হরমুজ প্রণালি: ট্রাম্পকে হতাশ করল এশিয়ার দেশ

ইরানের অবরোধের কারণে প্রায় তিন সপ্তাহ ধরে বন্ধ রয়েছে হরমুজ প্রণালি। ফলে বিশ্ব জ্বালানির বাজারে পড়েছে বিরূপ প্রভাব। এ অবস্থায় আন্তর্জাতিক চাপের মুখে বিভিন্ন দেশকে প্রণালিতে নৌবাহিনী ও যুদ্ধজাহাজ মোতায়েনের আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে তার এই আহ্বানে সাড়া দেয়নি ন্যাটোভুক্ত ইউরোপীয় মিত্ররা। এবার তাকে হতাশ করল পূর্ব এশিয়ার মিত্র দক্ষিণ কোরিয়া।

মঙ্গলবার (১৭ মার্চ) প্রকাশিত প্রতিবেদনে সংবাদমাধ্যম আলজাজিরা জানায়, মধ্যপ্রাচ্যে নৌবাহিনী মোতায়েনের ব্যাপারে দক্ষিণ কোরিয়ার কোনো প্রতিশ্রুতি নেই।

প্রতিবেদনে বলা হয়, হরমুজ প্রণালিতে যুদ্ধজাহাজ পাঠানোর জন্য মার্কিন প্রেসিডেন্টের অনুরোধে সাড়া দিতে এখনই রাজি নয় দক্ষিণ কোরিয়া। সিউল বলেছে, বিষয়টি নিয়ে ‘খুব সতর্কতার সঙ্গে’ ভাবতে হবে।

দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টের যোগাযোগ সচিব লি কিউ-ইয়ন বলেন, ‘এ ধরনের সিদ্ধান্ত নেওয়ার আগে দুই দেশের মধ্যে পর্যাপ্ত আলোচনা ও সময় প্রয়োজন’। তিনি জানান, উভয় পক্ষ এরই মধ্যে ঘনিষ্ঠ যোগাযোগে রয়েছে এবং সিউলের অবস্থান এই মুহূর্তে ‘সতর্ক’।

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও ও দক্ষিণ কোরিয়ার পররাষ্ট্রমন্ত্রী চো হিউনের মধ্যে ফোনালাপের পরই সিউল এই বিবৃতি দিয়েছে।

এর আগে, ন্যাটোভুক্ত ইউরোপীয় দেশ যুক্তরাজ্য, গ্রিস ও জার্মানি সরাসরি যুক্তরাষ্ট্রকে হরমুজ প্রণালিতে যুদ্ধজাহাজ মোতায়েনের বিষয়ে না করে দেয়। এতে হতাশা আর ক্ষোভে ইউরোপীয় দেশগুলোর নেতাদের ভর্ৎসনা করেন ট্রাম্প। তবে ইউরোপীয় দেশগুলোর দাবি, ইরানের বিরুদ্ধে ন্যাটোর যুদ্ধ নয়, বরং এটা ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যুদ্ধ। সুতরাং এতে তারা জড়িত হতে নারাজ।