Advertisement

কুয়েতের দুই মার্কিন ঘাঁটিতে ইরানের ব্যাপক ড্রোন হামলা

এশিয়া পোস্ট ডেস্ক
কুয়েতের দুই মার্কিন ঘাঁটিতে ইরানের ব্যাপক ড্রোন হামলা
ইরানের হামলার পর কুয়েতের মাংগাফের কাছে একটি তেল স্থাপনা থেকে ধোঁয়া ও আগুনের শিখা উঠছে। ছবি: সংগৃহীত

কুয়েতে অবস্থিত দুটি মার্কিন সামরিক ঘাঁটিতে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইরানের সেনাবাহিনী। দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম আইআরআইবি-তে প্রকাশিত সেনাবাহিনীর এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

বিবৃতিতে বলা হয়, তাদের বিধ্বংসী ড্রোনগুলো কুয়েতের ক্যাম্প আল আদিরিতে অবস্থিত মার্কিন বাহিনীর একটি গোলাবারুদের গুদামে সফলভাবে আঘাত হেনেছে। এর পাশাপাশি আলী আল সালেম বিমান ঘাঁটিতে মোতায়েন করা মার্কিন প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র ব্যবস্থা এবং বিমান প্রতিরক্ষা রাডার লক্ষ্য করেও এই ড্রোন হামলা চালানো হয়েছে।

এদিকে শনিবার (১৮ জুলাই) কুয়েতের আরও একটি বিদ্যুৎ ও পানি উৎপাদন কেন্দ্রে ইরান দ্বিতীয়বারের মতো হামলা চালিয়েছে বলে অভিযোগ তুলেছে কুয়েত সরকার। এই ধারাবাহিক হামলার জেরে কুয়েত জুড়ে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

চলমান এই সামরিক উত্তেজনা আরও দীর্ঘায়িত হলে নিত্যপ্রয়োজনীয় মৌলিক পণ্যসামগ্রী বাজার থেকে গায়েব হয়ে যেতে পারে বলে সাধারণ মানুষের মধ্যে চরম ভীতি তৈরি হয়েছে। বার্তা সংস্থা এএফপিকে দেওয়া সাক্ষাৎকারে ৬১ বছর বয়সি কুয়েতি নাগরিক হাসান রায়ান জানান, নিত্যপ্রয়োজনীয় সেবা ও পণ্য সরবরাহ ব্যবস্থা ভেঙে পড়ার আশঙ্কা তৈরি হয়েছে। এ পরিস্থিতিতে আজ সকাল থেকে বাজারে পানি এবং টিনজাত খাবারের চাহিদা অস্বাভাবিকভাবে বেড়ে গেছে।

কুয়েতের স্থানীয় পরিস্থিতি ও জনজীবনের বর্ণনা দিয়ে ৪৬ বছর বয়সি অপর এক বাসিন্দা আলী মাহমুদি এএফপিকে জানান, আজ (শনিবার) সরকারি ছুটির দিন হওয়া সত্ত্বেও দেশের রাস্তাঘাট এবং সমুদ্র সৈকতগুলো সম্পূর্ণ ফাঁকা ও জনশূন্য অবস্থায় রয়েছে। ইরান ও যুক্তরাষ্ট্রের এই মুখোমুখি সামরিক সংঘাতের কারণে কুয়েতের সাধারণ মানুষ চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন। তারা জরুরি রসদ সংগ্রহের জন্য ব্যস্ত হয়ে পড়েছেন।

সূত্র: আলজাজিরা