যুক্তরাষ্ট্রের দাবি পূরণ হয় এমন প্রস্তাব দেবে ইরান: ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, আমাদের দাবি পূরণ হয় এমন প্রস্তাব দেওয়ার পরিকল্পনা করছে তেহরান।
গতকাল বৃহস্পতিবার বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে এ মন্তব্য করেছেন তিনি।
এর আগে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি ঘোষণা দেন শুক্রবার (২৪ এপ্রিল) ইসলামাবাদে পাকিস্তানের নেতাদের সঙ্গে আলোচনার জন্য যাবেন তিনি। মূলত তার এ ঘোষণার পরপর ট্রাম্প রয়টার্সকে এ কথা বলেছেন।
এদিকে আব্বাস আরাঘচির নেতৃত্বে পাকিস্তানে পৌঁছেছেন ইরানের প্রতিনিধি দল। যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরাও ইসলামাবাদের পথে রয়েছেন। এমন পরিস্থিতিতে যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধ বন্ধে শান্তি আলোচনা আবার শুরু হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে।
রয়টার্সকে টেলিফোনে ট্রাম্প বলেন, ‘তারা একটি প্রস্তাব দিচ্ছে এবং আমাদের দেখতে হবে সেটি কেমন হয়।’ তবে প্রস্তাবটি ঠিক কী হবে তা তিনি এখনও জানেন না। তবে ট্রাম্প শুরু থেকেই বলে আসছেন, যেকোনো চুক্তিতে ইরানকে অবশ্যই তাদের সমৃদ্ধ ইউরেনিয়াম ত্যাগ করতে হবে এবং হরমুজ প্রণালি দিয়ে অবাধে তেলবাহী জাহাজ চলাচলের অনুমতি দিতে হবে।
ট্রাম্পকে যখন জিজ্ঞাসা করা হলো— যুক্তরাষ্ট্র আসলে কার সঙ্গে আলোচনা করছে। জবাবে ট্রাম্প বলেন, ‘আমি সেটা বলতে চাই না, তবে বর্তমানে যারা ক্ষমতায় আছে, আমরা তাদের সঙ্গেই আলোচনা করছি।’
তবে ইরান ও যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দল পাকিস্তানে গেলেও তাদের মধ্যে সরাসরি কোনো বৈঠকের পরিকল্পনা নাই বরে সাফ জানিয়ে দিয়েছে তেহরান। ইরানের পররাষ্ট্রমন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘেই এ তথ্য নিশ্চিত করেছেন। হোয়াইট হাউসের বিবৃতিতে বলা হয়েছে, উভয় পক্ষ সরাসরি আলোচনা করবে। বৈঠকে বসবে।