এফ-১৫ যুদ্ধবিমান লক্ষ্য করে হামলার দাবি ইরানের

ইরানের আকাশসীমায় অনুপ্রবেশ করা একটি এফ-১৫ যুদ্ধবিমানকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র নিক্ষেপের দাবি করেছে দেশটির বিমান প্রতিরক্ষা বাহিনী।
ইরানের রাষ্ট্র-ঘনিষ্ঠ বার্তা সংস্থা ফার্স নিউজের বরাতে জানানো হয়, রোববার (২২ মার্চ) হরমুজ দ্বীপের আশপাশে দক্ষিণাঞ্চলীয় আকাশসীমায় একটি ‘শত্রু’ যুদ্ধবিমান শনাক্ত করা হয়। এরপর স্থলভিত্তিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা থেকে সেটির দিকে ক্ষেপণাস্ত্র ছোড়া হয়।
তবে যুদ্ধবিমানটি ভূপাতিত হয়েছে কি না বা কী ধরনের ক্ষতি হয়েছে—এ বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি। এ ঘটনার স্বাধীন কোনো আন্তর্জাতিক নিশ্চিতকরণও পাওয়া যায়নি।
সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ইরানের পক্ষ থেকে একটি ভিডিও প্রকাশ করা হয়েছে, যেখানে বিমান প্রতিরক্ষা ব্যবস্থা লক্ষ্যবস্তু শনাক্ত করার দাবি করা হয়েছে।
গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে ইরানের সংঘাত শুরু হওয়ার পর থেকে আকাশপথে উত্তেজনা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। একাধিক ড্রোন ও যুদ্ধবিমান ভূপাতিত বা ক্ষতিগ্রস্ত হওয়ার দাবি উঠেছে, যদিও অন্য কোনো আন্তর্জাতিক বা স্বতন্ত্র সূত্র থেকে এ তথ্য নিশ্চিত করা যায়নি।
সূত্র: ফার্স নিউজ