ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃত্যু বেড়ে ২৬৪৫

এশিয়া পোস্ট ডেস্ক
ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃত্যু বেড়ে ২৬৪৫
ভূমিকম্পের পর ভেনেজুয়েলার লা গুয়াইরায় ধসে পড়া ভবনের ড্রোন দৃশ্য। ছবি: সংগৃহীত

দক্ষিণ আমেরিকার দেশ ভেনেজুয়েলায় আঘাত হানা শক্তিশালী জোড়া ভূমিকম্পে হতাহত ও ক্ষয়ক্ষতির পরিমাণ দিন থেকে দিন বেড়ে চলেছে। দেশটির উত্তরাঞ্চলে আঘাত হানা এ ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২ হাজার ৬৪৫ জনে দাঁড়িয়েছে। এখন পর্যন্ত আহত হয়েছেন আরও ১২ হাজার ৬৬৬ জন।

স্থানীয় সময় শুক্রবার (৩ জুলাই) দেশের যোগাযোগ ও তথ্য মন্ত্রণালয়ের দেওয়া এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে মন্ত্রণালয়ের দেওয়া বিবৃতিতে জানানো হয়েছে, ভূমিকম্পের পর থেকে দ্রুততার সঙ্গে অভিযান চালিয়ে যাচ্ছেন উদ্ধারকারীরা। তারা দিনরাত কাজ করে যাচ্ছেন। ধ্বংসস্তূপ থেকে এখন পর্যন্ত ৬ হাজার ৪৬২ জনকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে। এছাড়া ক্ষতিগ্রস্ত ৮৬ হাজার ১১৭টি পরিবারকে জরুরি মানবিক সহায়তা প্রদান করা হয়েছে।

প্রাথমিক হিসাব অনুযায়ী, ভূমিকম্পে ওই অঞ্চলের মোট ৮৮৫টি ভবন মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, যার মধ্যে ১৮৯টি ভবন সম্পূর্ণ ভেঙে গুঁড়িয়ে গেছে।

বিপর্যস্ত উত্তর ভেনেজুয়েলায় কারাকাস প্রশাসনের পাশাপাশি আন্তর্জাতিক মহলও সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে। মন্ত্রণালয় জানিয়েছে, ক্ষতিগ্রস্ত এলাকায় বর্তমানে ৩ হাজার ৩০০ জনেরও বেশি আন্তর্জাতিক উদ্ধারকর্মী মোতায়েন রয়েছেন। এর পাশাপাশি ভেনেজুয়েলা সরকার দুর্গত মানুষের কাছে ত্রাণ পৌঁছাতে এবং উদ্ধার অভিযান চালাতে নিজস্ব প্রায় ৩০ হাজার কর্মী ও উদ্ধারকারী মোতায়েন করেছে।

যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থার (ইউএসজিএস) তথ্য অনুযায়ী, গত ২৪ জুন উত্তর ভেনেজুয়েলায় ৩৯ সেকেন্ডের ব্যবধানে ৭ দশমিক ২ এবং ৭ দশমিক ৫ মাত্রার দুটি অত্যন্ত শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। এর মধ্যে প্রথম ৭ দশমিক ৫ মাত্রার মূল ভূমিকম্পটি আঘাত হানে ইয়ারাকুই রাজ্যের ইয়ুমারে শহর থেকে ২৩ কিলোমিটার (১৪.৩ মাইল) দক্ষিণ-পূর্বে। এর ঠিক ৩৯ সেকেন্ড পর ৭ দশমিক ২ মাত্রার অপর ভূমিকম্পটি একই রাজ্যের সান ফেলিপ শহর থেকে ২৩ দশমিক ৯ কিলোমিটার (১৪.৯ মাইল) উত্তর-পূর্বে আঘাত হানে।

যোগাযোগ ও তথ্য মন্ত্রণালয় শুক্রবার আরও জানিয়েছে, প্রধান দুটি ভূমিকম্পের পর ওই অঞ্চলে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এ পর্যন্ত ৮৯০টি আফটারশক বা অনুকম্পন অনুভূত হয়েছে, যা উদ্ধারকাজ ও স্থানীয় বাসিন্দাদের জন্য নতুন করে ভীতি তৈরি করছে।