ইরানের বৃহত্তম পারমাণবিক স্থাপনায় হামলা

চলমান যুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় ইরানের প্রধান ও বৃহত্তম পারমাণবিক স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে। রোববার (২ মার্চ) এই হামলা চালানো হয় বলে জানিয়েছেন জাতিসংঘের পারমাণবিক পর্যবেক্ষক সংস্থায় নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত রেজা নাজাফি। খবর আলজাজিরার।
আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার (আইএইএ) ৩৫-জাতির বোর্ড অব গভর্নরদের বৈঠকে তিনি জানান, তার দেশের এসফাহন প্রদেশে অবস্থিত নাতাঞ্জ পারমাণবিক স্থাপনায় রোববার হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। তার দাবি, ‘তারা শান্তিপূর্ণ ও সুরক্ষিত পারমাণবিক স্থাপনায় আবারও হামলা চালিয়েছে।
রয়টার্সের প্রতিবেদক কোন কোন স্থাপনায় আঘাত করা হয়েছে জানতে চাইলে রেজা নাজাফি বলেন, ‘নাতাঞ্জ’।
এর আগে ২০২৫ সালের জুনে নাতাঞ্জসহ ইরানের তিনটি পারমাণবিক স্থাপনায় হামলা চালায় যুক্তরাষ্ট্রের বি-২ বোমারু বিমান। সেসময় স্থাপনাগুলোর অবকাঠামো ‘ব্যাপক’ ক্ষতিগ্রস্ত হলেও ওয়াশিংটনের দাবি ছিল তেহরানের পারমাণবিক কর্মসূচি কয়েক বছর পিছিয়ে গেছে।
তবে বিপুল ইউরেনিয়াম হামলার আগেই সরিয়ে নেওয়া হয়েছিল বলে বিভিন্ন পর্যবেক্ষক সংস্থা ও বিশ্লেষকদের দাবি।