Advertisement

দিল্লিতে স্লিপার বাসে নারীকে সংঘবদ্ধ ধর্ষণ

এশিয়া পোস্ট ডেস্ক
দিল্লিতে স্লিপার বাসে নারীকে সংঘবদ্ধ ধর্ষণ
ছবি: সংগৃহীত

আরও একটি ‘নির্ভয়াকাণ্ড’ ঘটল ভারতের রাজধানী দিল্লিতে। দাঁড়িয়ে থাকা স্লিপার বাসের ভেতর এক নারীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। এই ঘটনায় বাসের চালক ও কন্ডাক্টরকে গ্রেপ্তার করেছে দিল্লি পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার (১১ মে) রাতে কাজ শেষে হেঁটে বাড়ি ফিরছিলেন ৩০ বছর বয়সি এক নারী। তিনি পিতামপুরার বাসিন্দা এবং মঙ্গোলপুরীর একটি কারখানায় কাজ করেন। সরস্বতী বিহার এলাকায় একটি বাসস্টপে একটি স্লিপার বাস দাঁড়িয়ে থাকতে দেখেন। বাসে থাকা লোকজনকে কয়টা বাজে জিজ্ঞেস করতে গেলে তাকে বাসে উঠিয়ে ধর্ষণ করা হয়।

সংবাদমাধ্যম এনডিটিভির খবরে বলা হয়েছে, ওই নারীকে তখন জোর করে বাসের ভেতরে টেনে তোলা হয়। এরপর বাসটি নাংলোইয়ের দিকে নিয়ে গিয়ে তার ওপর পাশবিক অত্যাচার চালায় বাসের চালক ও কন্ডাক্টর।

তিন সন্তানের জননী ওই নারী ঘটনার পর পুলিশের দ্বারস্থ হন। ডাক্তারি পরীক্ষার পর একটি এফআইআর দায়ের করা হয়েছে। দ্রুত পদক্ষেপ নিয়ে পুলিশ অভিযুক্ত চালক ও কন্ডাক্টরকে গ্রেপ্তার করেছে। একইসঙ্গে বাসটিও জব্দ করা হয়েছে। এই ঘটনায় আর কেউ জড়িত কি না, তা খতিয়ে দেখছে প্রশাসন।

এই ঘটনাকে কেন্দ্র করে দিল্লির রাজনৈতিক অঙ্গনে উত্তেজনা দেখা দিয়েছে। ভারতীয় আম আদমি পার্টি (এএপি) সরাসরি কেন্দ্রীয় সরকারকে দোষারোপ করেছে। সাবেক উপমুখ্যমন্ত্রী মনীশ সিসোদিয়া আক্ষেপ করে বলেছেন, দিল্লিতে মেয়েরা আজ স্কুলেও নিরাপদ নয়, বাসেও নয়। অন্যদিকে আপ নেতা সৌরভ ভরদ্বাজ একে ২০১২ সালের নির্ভয়াকাণ্ডের পুনরাবৃত্তি বলে উল্লেখ করেছেন।


ওই সময় ২৩ বছর বয়সি এক প্যারামেডিক ছাত্রীকে (পরবর্তীতে নির্ভয়া নামে পরিচিত) ১৬-১৭ ডিসেম্বর রাতে দক্ষিণ দিল্লিতে একটি চলন্ত বাসের ভেতর ছয়জন মিলে নৃশংসভাবে নির্যাতন করেছিল। পরে তাকে রাস্তায় ফেলে দেওয়া হয়। ২৯ ডিসেম্বর সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

চলন্ত বাসে যেভাবে নির্ভয়ার ওপর অত্যাচার করা হয়েছিল, প্রায় একই কায়দায় এই নারীর ওপর হওয়ায় দিল্লির নিরাপত্তা ব্যবস্থা নিয়ে ফের বড়সড় প্রশ্ন উঠে গেছে।