বাহরাইনের প্রধান তেল শোধনাগারে ইরানের হামলা

বাহরাইনের প্রধান তেল শোধনাগার বাপকোতে ভয়াবহ হামলা চালিয়েছে ইরান। হামলার পর তেল শোধনাগারে অগ্নিকাণ্ড ঘটে।
সোমবার (৯ মার্চ) এ খবর জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।
হামলার পর পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ায় বাহরাইনের বাপকো এনার্জিস তাদের শোধনাগার কমপ্লেক্সে গ্রুপের সকল কার্যক্রমে ‘ফোর্স মেজার’ বা অনিবার্য পরিস্থিতির কারণে চুক্তি পালনে অক্ষমতা ঘোষণা করেছে।
বাপকো জানিয়েছে, দেশের অভ্যন্তরীণ বাজারের সমস্ত চাহিদা সম্পূর্ণ সুরক্ষিত রয়েছে এবং পূর্বপরিকল্পিত পদক্ষেপের মাধ্যমে সরবরাহ ব্যবস্থা কোনো বিঘ্ন ছাড়াই অব্যাহত থাকবে।
প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে রয়টার্স জানায়, হামলার শিকার বাহরাইন পেট্রোলিয়াম কোম্পানিটি দেশটির প্রধান তেল শোধনাগার। এটি দেশটির জ্বালানি খাতের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রতিষ্ঠান।
প্রত্যক্ষদর্শীদের মতে, সরকারের দিক থেকে প্রথমে বলা হয়েছিল, ইরানি ড্রোন হামলায় তেল শোধনাগারে ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেছে। লোকজন আহত হয়েছে। পরে তেল শোধনাগারটি থেকে ঘন ধোঁয়া আকাশে উঠতে দেখা যায়।