রিয়াদের কিং খালিদ বিমানবন্দরে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলার দাবি হুতির

সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দর লক্ষ্য করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপের দাবি করেছে ইয়েমেনের হুতি গোষ্ঠী। বিমানবন্দরটি লক্ষ্য করে সাম্প্রতিক সময়ে এটি তাদের একাধিক হামলার সর্বশেষ ঘটনা।
হুতিদের সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি বুধবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বিবৃতিতে বলেন, তাদের সশস্ত্র বাহিনী রিয়াদের কিং খালিদ বিমানবন্দরে একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। তাঁর দাবি, হামলাটি লক্ষ্যভেদী ছিল এবং এর ফলে বিমানবন্দরের বিমান চলাচল ব্যাহত হয়েছে।
অন্য এক বিবৃতিতে হুতিরা জানায়, ইয়েমেনের অন্তর্বর্তী সরকারের রাজধানী এডেনের কাছে একটি সামরিক শিবির এলাকায় থাকা সামরিক সরঞ্জামও তারা লক্ষ্য করেছে।
সৌদি জোটের পাল্টা দাবি
হুতিদের এসব দাবির কয়েক ঘণ্টা আগে ইয়েমেন সরকারের পক্ষে লড়াইরত সৌদি নেতৃত্বাধীন জোট জানায়, তারা রিয়াদের উত্তরে একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিহত করেছে। জোটের দাবি, ইরান-সমর্থিত হুতিরাই ক্ষেপণাস্ত্রটি নিক্ষেপ করেছিল।
হুতিরা এমন সময় এসব হামলার দাবি করেছে, যখন সৌদি নেতৃত্বাধীন জোটের বিমান সহায়তায় ইয়েমেনি সরকারি বাহিনী তাদের বিরুদ্ধে ব্যাপক অভিযান চালাচ্ছে। হুতিরা জানিয়েছে, তারা সরকারি বাহিনীর আক্রমণের মধ্যেও নিজেদের অবস্থান ধরে রেখেছে।
এর আগে চলতি সপ্তাহে ইয়েমেনের সামরিক বাহিনী দাবি করে, তারা বাব আল-মান্দাব প্রণালির আশপাশের এলাকা এবং বন্দরনগরী মোচা থেকে হুতি যোদ্ধাদের সরিয়ে দিয়েছে। বাব আল-মান্দেব লোহিত সাগরের গুরুত্বপূর্ণ নৌপথ ও বৈশ্বিক বাণিজ্যের একটি কৌশলগত প্রবেশপথ।
দ্রুত বদলাচ্ছে যুদ্ধের পরিস্থিতি
উভয় পক্ষের এসব দাবি স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি। যুদ্ধক্ষেত্রের পরিস্থিতি দ্রুত পরিবর্তিত হচ্ছে এবং সাংবাদিকদের জন্য সেখানে প্রবেশও কঠিন হয়ে পড়েছে।
চার বছর ধরে চলা যুদ্ধবিরতির পর গত মাসে পরিস্থিতি আবারও তীব্র আকার ধারণ করে। ইয়েমেনের উত্তর-পশ্চিমাঞ্চলের বড় অংশ নিয়ন্ত্রণকারী হুতিরা লোহিত সাগরের পুরো পশ্চিম উপকূলীয় এলাকায় নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেছে বলে বিভিন্ন পক্ষের দাবি।
নতুন করে শুরু হওয়া এই সংঘাত ইয়েমেনের দীর্ঘদিনের গৃহযুদ্ধকে আরও তীব্র করেছে। একই সঙ্গে এটি মধ্যপ্রাচ্যের বৃহত্তর সংঘাতের পরিধি বাড়িয়ে বৈশ্বিক জ্বালানি বাজার ও গুরুত্বপূর্ণ বাণিজ্যপথেও প্রভাব ফেলছে।
