Advertisement

ইরান চুক্তি যুক্তরাষ্ট্রের বড় জয়: সিনেটর মার্শাল

এশিয়া পোস্ট ডেস্ক
ইরান চুক্তি যুক্তরাষ্ট্রের বড় জয়: সিনেটর মার্শাল
যুক্তরাষ্ট্রের রিপাবলিকান সিনেটর রজার মার্শাল। ছবি: সংগৃহীত

ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে স্বাক্ষরিত সমঝোতা স্মারক চুক্তিকে ওয়াশিংটনের জন্য বড় জয় বলে উল্লেখ করেছেন যুক্তরাষ্ট্রের রিপাবলিকান সিনেটর রজার মার্শাল। তিনি এই চুক্তির ভূয়সী প্রশংসাও করেছেন।

Advertisement

বৃহস্পতিবার (১৮ জুন) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে কানসাসের প্রভাবশালী এই আইনপ্রণেতা চুক্তিটিকে ‘উইন-উইন’ হিসেবে অভিহিত করেন।

তিনি দাবি করেন, সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামার আমলে ইরানের সঙ্গে যে চুক্তি হয়েছিল, বর্তমান চুক্তিটি তার চেয়েও অনেক বেশি উন্নত ও কার্যকর। ওবামার আমলের ওই চুক্তি থেকে প্রথম মেয়াদে প্রেসিডেন্ট থাকাকালীন ২০১৮ সালে ডোনাল্ড ট্রাম্প একতরফাভাবে যুক্তরাষ্ট্রকে বের করে নিয়েছিলেন।

সিনেটর মার্শাল আরও বলেন, ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে চূড়ান্ত যেকোনো চুক্তি অবশ্যই জাতিসংঘ নিরাপত্তা পরিষদের প্রস্তাবের মাধ্যমে সমর্থিত ও অনুমোদিত হবে। একই সঙ্গে এই চুক্তির প্রতি মধ্যপ্রাচ্যের আরব দেশগুলোর যে সমর্থন রয়েছে, তাকে যুক্তরাষ্ট্রের জন্য একটি বড় ধরনের বিজয় হিসেবে দেখছেন তিনি।

সংবাদমাধ্যম আলজাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, রজার মার্শালের পক্ষ থেকে এই চুক্তিকে স্বাগত জানানো হলেও ট্রাম্পের দল রিপাবলিকান পার্টির ভেতরে এটি নিয়ে সমালোচনা ও অসন্তোষ দেখা গেছে। পাশাপাশি যুক্তরাষ্ট্রের অন্যতম প্রধান মিত্র দেশ ইসরায়েলও এই চুক্তির বিরুদ্ধে তাদের তীব্র ক্ষোভ ও নেতিবাচক প্রতিক্রিয়া ব্যক্ত করেছে।

এর আগে ভার্চুয়ালি যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা স্মারকে আনুষ্ঠানিকভাবে সই করেছেন দুদেশের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও মাসুদ পেজেশকিয়ান। এ তথ্য নিশ্চিত করেছে হোয়াইট হাউজ ও তেহরানের পররাষ্ট্র মন্ত্রণালয়।

স্থানীয় সময় বুধবার (১৭ জুন) রাতে ফ্রান্সের ভার্সাই প্রাসাদে জি-৭ সম্মেলন পরবর্তী নৈশভোজে অংশগ্রহণ করেন ট্রাম্প। সেখানে ইরানের সঙ্গে সমঝোতা-সংক্রান্ত নথিতে সই করেন বলে নিজেই জানিয়েছেন ডোনাল্ড ট্রাম্প।

সংবাদমাধ্যম আল জাজিরা বলছে, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে ইরানের চলমান যুদ্ধ বন্ধে একটি সমঝোতা স্মারকে (এমওইউ) ইলেকট্রনিকভাবে সই করেছেন। উভয় পক্ষ জানিয়েছে, চুক্তিটি ইতোমধ্যে কার্যকর হয়েছে।