logo

মাইন থেকে বাঁচতে হরমুজে বিকল্প পথের ঘোষণা ইরানের

মাইন থেকে বাঁচতে হরমুজে বিকল্প পথের ঘোষণা ইরানের

কৌশলগত গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালির সমুদ্রতলে পুঁতে রাখা মাইন বিস্ফোরণের ঝুঁকি এড়াতে চলাচলাকারী জাহাজগুলোর জন্য বিকল্প রুটের ঘোষণা দিয়েছে ইরান।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) এই ঘোষণা দেয় দেশটির ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোরের (আইআরজিসি) নৌ শাখা। এ খবর জানিয়েছে বিবিসি।

রাষ্ট্রীয় সংবাদমাধ্যম প্রকাশিত এক বিবৃতিতে আইআরজিসি বলেছে, হরমুজ প্রণালি দিয়ে যাতায়াতের ইচ্ছুক সব জাহাজকে সামুদ্রিক নিরাপত্তার নীতিমালা মেনে চলতে ও সমুদ্রতলে পুঁতে রাখা মাইনের সম্ভাব্য বিস্ফোরণ থেকে সুরক্ষিত থাকতে এই প্রণালির বিকল্প পথ ব্যবহার করতে হবে।

বিবৃতিতে বিকল্প রুটগুলো বর্ণনা দিয়ে একটি মানচিত্রও দেওয়া হয়েছে। ওমান সাগর থেকে আসা জাহাজগুলোকে লারাক দ্বীপের উত্তর দিয়ে পারস্য উপসাগরের দিকে অগ্রসর হওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। বিপরীত দিক থেকে আসা জাহাজগুলোকে পারস্য সাগর থেকে বেরিয়ে লারাক দ্বীপের দক্ষিণ দিয়ে ওমান সাগরের দিকে অগ্রসর হতে বলা হয়েছে।

গত ২৮ ফেব্রুয়ারি ইরানের বিরুদ্ধে আগ্রাসন শুরু করে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র। সংঘাতের প্রায় ৪০ দিনের মাথায় এসে দুই সপ্তাহের যুদ্ধবিরতিতে সম্মত হয় উভয়পক্ষ। কিন্তু ইসরায়েল যুদ্ধবিরতি লঙ্ঘন করে ইরান ও লেবাননে হামলা অব্যাহত রাখলে পুনরায় হরমুজ প্রণালি বন্ধ করে দেয় তেহরান। এই জলপথ দিয়ে দিনে প্রায় ২০ শতাংশ অপরিশোধিত জ্বালানি তেল পরিবহন করা হয়।