logo
Advertisement

নিজেদের তৈরি ক্ষেপণাস্ত্রে সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিতের দাবি হুথির

মেহের নিউজ
মেহের নিউজ
নিজেদের তৈরি ক্ষেপণাস্ত্রে সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিতের দাবি হুথির
সৌদি আরবের অত্যাধুনিক এফ-১৫ যুদ্ধবিমান। ছবি: সাটারস্টক

লোহিত উপসাগরীয় দেশ ইয়েমেনে সরকারি বাহিনী ও বিদ্রোহী গোষ্ঠী হুথির মধ্যে তীব্র লড়াই চলছে। ইয়েমেনি বাহিনী ইতিমধ্যে কৌশলগত বাব আল-মান্দেব ও উপসাগরীয় উপকূল থেকে পিছু হটেছে। সৌদির অত্যাধুনিক এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি করেছে হুথিরা।

বুধবার (১৬ সেপ্টেম্ব) ইরানি সংবাদ সংস্থা মেহের জানিয়েছে, ইয়েমেনের মারিব প্রদেশের আকাশে একটি সৌদি এফ-১৫ যুদ্ধবিমান লক্ষ্য করে গুলি চালিয়ে তা ভূপাতিত করা হয়েছে বলে।

স্থানীয় গণমাধ্যমের বরাতে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, ইয়েমেনের মারিব এলাকার আকাশসীমায় ওই সৌদি যুদ্ধবিমানটিকে লক্ষ্যবস্তু বানিয়ে গুলি করা হয় এবং পরবর্তীতে সেটি ভেঙে পড়ে। হুথি বাহিনী স্থানীয়ভাবে তৈরি সারফেস টু এয়ার নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র ব্যবহার করে যুদ্ধবিমানটি ভূপাতিত করেছে।

হুথি বাহিনীর সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি বলেছেন, ইয়েমেনি বাহিনী দেশীয়ভাবে উৎপাদিত ভূমি থেকে আকাশে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র দিয়ে সৌদি এফ-১৫ যুদ্ধবিমানটিকে ভূপাতিত করেছে। যুদ্ধবিমানটি সৌদি-সমর্থিত ভাড়াটে সৈন্যদের জন্য আকাশপথে সহায়তা মিশন পরিচালনা করছিল।

তিনি আরও বলেন, ইয়েমেনি বাহিনী মারিবের আকাশসীমায় আরও একটি এফ-১৫ এবং একটি সৌদি টাইফুনের মুখোমুখি হয়েছিল। তারা বিধ্বস্ত বিমানটির ধ্বংসাবশেষ খুঁজছিলেন, কিন্তু ইয়েমেনি বাহিনীর পাল্টা জবাবে পিছু হটতে বাধ্য হন। আমরা শত্রুর বিরুদ্ধে ইয়েমেনের আকাশসীমা রক্ষা করে যাব।

তবে আলোচিত এই ঘটনা নিয়ে ইয়েমেনের সামরিক বাহিনীর পক্ষ থেকে এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কোনো তথ্য বা বিবৃতি দেওয়া হয়নি। অন্যদিকে সৌদি আরবের সংশ্লিষ্ট কর্মকর্তারাও বিষয়টি নিয়ে নীরব রয়েছেন। ঘটনার বিস্তারিত কারণ বা চূড়ান্ত ক্ষয়ক্ষতি সম্পর্কে তাৎক্ষণিকভাবে আর কোনো অতিরিক্ত তথ্য পাওয়া যায়নি।

সম্প্রতি ইয়েমেনের আকাশসীমায় একাধিক সৌদি ড্রোন ভূপাতিত করার দাবি এবং প্রতিপক্ষের সামরিক বিমানের বিরুদ্ধে নিজেদের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় রাখার ধারাবাহিক ঘোষণার পর এই নতুন খবরটি সামনে এলো।