logo

ইরানের হামলায় ইসরায়েলে আহত ২৫

ইরানের হামলায় ইসরায়েলে আহত ২৫

ইরান থেকে ছোড়া ক্ষেপণাস্ত্রের আঘাতে ইসরায়েলের মধ্যাঞ্চলে শক্তিশালী বিস্ফোরণের খবর দিয়েছে গণমাধ্যম। ইসরায়েলে হওয়া বুধবার (১ এপ্রিল) সকালের এ হামলায় ২০টি পৃথক স্থানে অন্তত ২৫ জন আহত হয়েছেন।

ইসরায়েলের স্থানীয় সংবাদমাধ্যম চ্যনেল টুয়েলভের প্রতিবেদনের বরাতে আলজাজিরা জানায়, ইসরায়েলের মধ্যাঞ্চলের বেশ কয়েকটি স্থানে বিকট শব্দে শক্তিশালী বিস্ফোরণ এবং ক্ষেপণাস্ত্রের আঘাতের চিহ্ন দেখা গেছে।

ইরানের এই হামলার পরপরই ইসরায়েলের গুশদান, শ্যারন ও সামারিয়া অঞ্চলে বিমান হামলার সাইরেন ও সতর্কসংকেত বাজানো হয়।

এদিকে ইরানের রাজধানী তেহরান ও দেশটির গুরুত্বপূর্ণ শহর ইসফাহানসহ বিভিন্ন জায়গায় বড় ধরনের বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। আলজাজিরার খবর জানায়, ইসফাহানের পাহাড়ি এলাকায় ‘বাঙ্কার বাস্টার’ বোমা বর্ষণ করা হয়েছে, যার ফলে এক মাসের এই যুদ্ধের মধ্যে সবচেয়ে বড় বিস্ফোরণ ও আগুনের আভা দেখা গেছে সেখানকার আকাশে।

তেহরানে দফায় দফায় হামলার কারণে অনেক এলাকায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। রাজধানী-সংলগ্ন কারাজ শহরের বড় ওষুধ কারখানা তৌফিক দারু লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে। এতে ক্যানসার ও এমএস রোগের ওষুধ তৈরির কাঁচামাল উৎপাদন মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।