স্ত্রীসহ ৪ জনকে গুলি করে মারলেন স্বামী, আলমারিতে লুকিয়ে বাঁচল ৩ শিশু

যুক্তরাষ্ট্রের জর্জিয়া রাজ্যে পারিবারিক বিরোধের জের ধরে গুলিতে চারজন নিহত হয়েছেন। তিন সন্তানের সামনে মা ও তিন আত্মীয় এই হত্যাকাণ্ডের শিকার হন। ইতোমধ্যেই অভিযুক্ত ভারতীয়কে আটক করেছে পুলিশ। নিহতরা সবাই ভারতীয় নাগরিক। শনিবার (২৪ জানুয়ারি) এক্সে এ তথ্য জানিয়েছে আটলান্টায় ভারতীয় কনস্যুলেট।
সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, গুলি চালানোর সময় তিন শিশু ঘরের ভেতরে ছিল। তাদের বয়স ৭, ১০ ও ১২ বছর। গুলি থেকে নিজেদের রক্ষা করতে শিশুরা একটি আলমারিতে লুকিয়ে ছিল। ১২ বছর বয়সী শিশুটি জরুরি পরিসেবা ৯১১ নম্বরে ফোন করে পুলিশে খবর দেয়। এর ফলে কয়েক মিনিটের মধ্যেই ঘটনাস্থলে পৌঁছাতে সক্ষম হয় পুলিশ। শিশুরা নিরাপদ রয়েছে, পরিবারের এক সদস্যের তত্ত্বাবধানে রাখা হয়েছে তাদের।
স্থানীয় সময় শুক্রবার চারজনকে গুলি করে হত্যার ঘটনায় বিজয় কুমার (৫১) নামে এক ভারতীয়কে আটক করেছে জর্জিয়ার পুলিশ। ফক্স ৫ আটলান্টা জানায়, স্ত্রী ও তিন সন্তান নিয়ে লরেন্সভিল সিটির ওই বাড়িতে বাস করছিলেন বিজয়। ঘটনার সময় বাড়িতেই ছিল স্ত্রী-সন্তান। পুলিশের প্রাথমিক ধারণা, পারিবারিক কলহের জেরেই এই হত্যাকাণ্ড। খবর ছড়ানোর পর আটলান্টায় ভারতের কনস্যুলেট জেনারেল দুঃখ প্রকাশ করে ওই পরিবারকে সার্বিক সহযোগিতার আশ্বাস দিয়েছে।
পুলিশ জানিয়েছে, নিহতরা হলেন বিজয়ের স্ত্রী মিমু ডোগরা (৪৩)। এ ছাড়াও এই তালিকায় রয়েছেন তিন আত্মীয় গৌরব কুমার (৩৩), নিধি চন্দ্র (৩৭) এবং হরিশ চন্দ্র (৩৮)। প্রত্যক্ষদর্শীদের মতে, তারা চিৎকার-চেঁচামেচির আওয়াজ শুনতে পান। এর পর পর গুলির শব্দ। গুলির আওয়াজে প্রতিবেশীরা বেরিয়ে আসেন। পুলিশ এসে বিজয়কে গ্রেপ্তার করে। ঘরের ভেতর থেকে চারজনের মরদেহ উদ্ধার করেন তারা।
পুলিশ জানিয়েছে, স্থানীয় সময় শুক্রবার রাত আড়াইটা নাগাদ ব্রুক আইভি কোর্টে এ ঘটনাটি ঘটে। তারা বাড়িতে ঢুকে চারজনকে গুলিবিদ্ধ অবস্থায় পড়ে থাকতে দেখে। যে সময় ঘটনাটি ঘটে, সে সময় বিজয়ের সন্তানরা বাড়িতেই ছিল। ভয়ে ও বাঁচতে তারা তিনজনই আলমারির ভেতরে লুকিয়ে ছিল। তাদের মধ্যে একজন ৯১১ নম্বরে ফোন করে। ফোন পেয়েই ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ।