logo

‘ডাকাত বধূ’র নবম বিয়েতে চক্র ফাঁস

‘ডাকাত বধূ’র নবম বিয়েতে চক্র ফাঁস
ছবি : সংগৃহীত

ভারতের মহারাষ্ট্রে ভুয়া বিয়ের ফাঁদ পেতে একাধিক ব্যক্তির কাছ থেকে টাকা ও সম্পদ হাতিয়ে নেওয়া একটি প্রতারণা চক্রের সন্ধান পেয়েছে পুলিশ। ‘ডাকাত বধূ’ নামে পরিচিত এক নারী ইতোমধ্যে আটজনকে বিয়ে করে তাদের কাছ থেকে অর্থ ও স্বর্ণালঙ্কার নিয়ে পালিয়েছেন বলে অভিযোগ উঠেছে।

৫ মে প্রকাশিত সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে জানানো হয়, এই চক্রটি পরিকল্পিতভাবে অবিবাহিত পুরুষদের লক্ষ্য করত। ঘটকের মাধ্যমে পাত্র নির্বাচন করে দ্রুত বিয়ের আয়োজন করা হতো। এরপর বিয়ের কিছুদিনের মধ্যেই নববধূ কৌশলে নগদ অর্থ, গয়না ও মূল্যবান সামগ্রী নিয়ে উধাও হয়ে যেতেন।

সবশেষে বীড জেলার উমাপুর গ্রামের এক ব্যক্তিকে নবম শিকার বানানোর চেষ্টা করা হলে বিষয়টি প্রকাশ্যে আসে। বিয়ের পর স্ত্রীর আচরণে সন্দেহ হওয়ায় তিনি খোঁজ নিতে শুরু করেন। তখনই জানা যায়, একই নারী এর আগে আরও আটজনকে একই কৌশলে প্রতারণা করেছেন।

ভুক্তভোগী ব্যক্তি বিষয়টি পুলিশকে জানালে অভিযোগের ভিত্তিতে মামলা দায়ের করা হয় এবং তদন্ত শুরু হয়। ইতোমধ্যে প্রতারণা চক্রের সদস্যদের ধরতে অভিযান চালাচ্ছে আইনশৃঙ্খলা বাহিনী।

পুলিশের ধারণা, এই চক্রে একাধিক ব্যক্তি জড়িত এবং তারা দীর্ঘদিন ধরে এ ধরনের প্রতারণা চালিয়ে আসছিল। তদন্তের মাধ্যমে আরও তথ্য বেরিয়ে আসতে পারে বলে ধারণা করা হচ্ছে।