ইরান-হিজবুল্লার যৌথ হামলা, ইসরায়েলের শতাধিক শহরে বাজল সাইরেন

ইরান ও লেবাননভিত্তিক সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ উত্তর ইসরায়েল লক্ষ্য করে একযোগে বড় ধরনের হামলা চালিয়েছে। এ সময় একসঙ্গে ইসরায়েলের ১০০টির বেশি শহরে বিমান হামলার সতর্কতামূলক সাইরেন বেজে ওঠে।
ইসরায়েলি সংবাদমাধ্যমের বরাতে রোববার (২৯ মার্চ) এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে সংবাদমাধ্যম আলজাজিরা।
প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের দূরপাল্লার ক্ষেপণাস্ত্র হামলার সঙ্গে হিজবুল্লাহর রকেট হামলা একই সময়ে শুরু হওয়ায় ইসরায়েলি প্রতিরক্ষা ব্যবস্থা (আয়রন ডোম) প্রচণ্ড চাপের মুখে পড়েছে। উত্তর ইসরায়েলের বিস্তীর্ণ এলাকায় সাইরেনের শব্দে আতঙ্কিত বাসিন্দারা বাংকারে আশ্রয় নিচ্ছেন।
এখন পর্যন্ত এসব হামলায় তাৎক্ষণিক ক্ষয়ক্ষতির সুনির্দিষ্ট কোনো তথ্য পাওয়া যায়নি। তবে হাইফা উপকূলে ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ পড়ে অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে বলে উল্লেখ করা হয়েছে প্রতিবেদনে।