হরমুজ প্রণালি দিয়ে দিনে ১৫টির বেশি জাহাজ চলার অনুমতি দেবে না ইরান

চলমান যুদ্ধবিরতি চুক্তির শর্ত অনুযায়ী, হরমুজ প্রণালি দিয়ে দিনে ১৫টির বেশি জাহাজ চলাচলের অনুমতি দেবে না ইরান। ইসলামাবাদে দুই দেশের বৈঠকের আগে রুশ বার্তা সংস্থা তাসকে ইরানের একজন উচ্চপদস্থ কর্মকর্তা এই তথ্য নিশ্চিত করেছেন।
সূত্রটি জানায়, এখন থেকে এই পথ দিয়ে জাহাজ চলাচল করবে ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) সরাসরি তত্ত্বাবধানে এবং কঠোর নিয়ম মেনে। ইরান স্পষ্ট জানিয়ে দিয়েছে, যুদ্ধের আগের অবস্থায় ফেরার আর কোনো সুযোগ নেই।
ইরানের প্রধান শর্তসমূহ
বিদেশে আটকে থাকা ইরানের সব অর্থ এই দুই সপ্তাহের মধ্যেই ফেরত দিতে হবে।
অবশ্যই জাতিসংঘের নিরাপত্তা পরিষদের প্রস্তাবের মাধ্যমে যুদ্ধের সমাপ্তি নিশ্চিত করতে হবে। অন্যথায়, ইরান যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে আরও শক্তিশালী আক্রমণ শুরু করবে।
এই দুই সপ্তাহে যুক্তরাষ্ট্র ওই অঞ্চলে তাদের সৈন্য সংখ্যা বাড়াতে পারবে না।
ইউরেনিয়াম সমৃদ্ধকরণের বিষয়ে ইরান চুক্তির শর্ত মেনে চলার প্রতিশ্রুতি দিয়েছে।
গত ৭ এপ্রিল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সঙ্গে দুই সপ্তাহের যুদ্ধবিরতি ঘোষণা করেন। তিনি জানান, ইরানের দেওয়া ১০টি প্রস্তাব আলোচনার ভিত্তি হিসেবে কাজ করছে। পাকিস্তান এই সংকটে মধ্যস্থতাকারী হিসেবে কাজ করছে এবং দেশটির প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ দুই পক্ষকে সরাসরি আলোচনার আমন্ত্রণ জানিয়েছেন। শুক্রবার (১০ এপ্রিল) এই বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।