সিংহের থাবার নিচে যুবক, মৃত্যুর মুখ থেকে ফিরলেন অভিনব উপায়ে

এশিয়া পোস্ট ডেস্ক
সিংহের থাবার নিচে যুবক, মৃত্যুর মুখ থেকে ফিরলেন অভিনব উপায়ে
এক যুবককে মাটিতে চেপে ধরে রেখেছে সিংহ। ছবি: সংগৃহীত

প্রায় আধাঘণ্টা ধরে একটি হিংস্র সিংহ এক ব্যক্তিকে মাটিতে চেপে ধরে রাখলেও, কেবল উপস্থিত বুদ্ধি ও ধৈর্যের জোরে তিনি নিশ্চিত মৃত্যুর মুখ থেকে বেঁচে ফিরেছেন। গা শিউরে ওঠা এই ঘটনার একটি ভিডিও সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে ভাইরাল হয়েছে।

ঘটনাটি ঘটেছে ভারতের গুজরাট রাজ্যের ভাবনগর জেলায়।

ভারতীয় গণমাধ্যম এনডিটিভির প্রতিবেদন অনুযায়ী, জেলার পালিতানা তালুকের গড়জিয়া গ্রামে গত রোববার (৫ জুলাই) সকালে এই ঘটনা ঘটে। আক্রান্ত ওই ব্যক্তির নাম কালুভাই বোগাভাই পারমার।

প্রতিদিনের মতো সকাল সাড়ে আটটার দিকে তিনি বাড়ির কাছে নিজের গবাদি পশুদের খাওয়াতে গিয়েছিলেন। ঠিক সে সময়ই একটি সিংহ ঝোপের আড়াল থেকে আচমকা তার ওপর ঝাঁপিয়ে পড়ে।

নেটদুনিয়ায় ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, সিংহটি ওই যুবককে মাটির সঙ্গে চেপে ধরে রেখেছে। হিংস্র প্রাণীটির থাবা ছিল পশুপালকের পায়ের ওপর এবং ধারালো চোয়াল ছিল তার হাতের ওপর। রক্তাক্ত অবস্থায় কালুভাই প্রথমে নিজেকে মুক্ত করার চেষ্টা করলেও দ্রুতই বুঝতে পারেন যে, অতিরিক্ত ধস্তাধস্তি করলে সিংহটি তাকে ছিঁড়ে ফেলবে। ফলে তিনি নড়াচড়া বন্ধ করে সম্পূর্ণ শান্ত হয়ে যান এবং একপর্যায়ে সিংহের গায়ে আলতো করে হাত বুলিয়ে সেটিকে শান্ত করার চেষ্টা করতে থাকেন।

এদিকে এই দৃশ্য দেখে স্থানীয় বাসিন্দারা লাঠিসোঁটা নিয়ে ছুটে আসেন এবং চিৎকার করে ও পাথর ছুড়ে সিংহটিকে তাড়ানোর চেষ্টা করেন। চারপাশে প্রচণ্ড হইচই সত্ত্বেও সিংহটি দীর্ঘ সময় কালুভাইকে অবরুদ্ধ করে রাখে। এভাবে প্রায় ৩০ মিনিট মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ার পর, গ্রামবাসীদের সম্মিলিত প্রতিরোধের মুখে সিংহটি অবশেষে শিকার ছেড়ে বনের দিকে পালিয়ে যায়।

উদ্ধারকারীরা রক্তাক্ত অবস্থায় কালুভাইকে উদ্ধার করে দ্রুত পালিতানা সরকারি হাসপাতালে ভর্তি করেন। চিকিৎসকেরা জানিয়েছেন, তার শরীরে বেশ কিছু ক্ষতের সৃষ্টি হলেও বর্তমানে তিনি সম্পূর্ণ আশঙ্কামুক্ত।

এনডিটিভির বরাতে আরও জানা গেছে, ভুক্তভোগীর পরিবার এবং গ্রামবাসীর অভিযোগ সিংহটি আক্রমণ করার পরপরই বন বিভাগকে খবর দেওয়া হয়েছিল; কিন্তু দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পৌঁছাননি। বন দপ্তরের এই চরম অবহেলার প্রতিবাদ জানিয়ে স্থানীয়রা অবিলম্বে ওই এলাকায় কড়া নিরাপত্তা ব্যবস্থা ও কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছেন।