যুদ্ধ শুরুর পর কুয়েতের তেল শোধনাগারে তৃতীয়বারের মতো হামলা

কুয়েতের একটি প্রধান তেল শোধনাগারে বেশ কয়েকটি ড্রোন হামলা চালানো হয়েছে। এর ফলে শোধনাগারটির কিছু অংশে আগুন ধরে যায়। তবে এতে এখন পর্যন্ত কেউ হতাহত হয়নি।
শুক্রবার (৩ এপ্রিল) এ হামলার খবর জানায় বিবিসি।
মিনা আল-আহমাদি নামের এই শোধনাগারটি মধ্যপ্রাচ্যের অন্যতম বড় তেল পরিশোধন কেন্দ্র, যেখানে প্রতিদিন ৩ লাখ ৪৬ হাজার ব্যারেল তেল পরিশোধন করা যায়।
কুয়েতে মোট তিনটি বড় তেল শোধনাগার আছে। গত পাঁচ সপ্তাহের যুদ্ধে এই নিয়ে তৃতীয়বার মিনা আল-আহমাদি শোধনাগারে ড্রোন হামলা হলো। এর আগের দুটি হামলা চালিয়েছিল ইরান। তবে এবারের হামলা কারা করেছে, এখনই সে বিষয়ে কিছু জানাতে পারেনি সংবাদমাধ্যম।
কুয়েত পেট্রোলিয়াম করপোরেশন জানিয়েছে, ফায়ার সার্ভিস ও জরুরি উদ্ধারকারী দল আগুন নেভানোর চেষ্টা করছে।