logo

ইরানে যৌথ হামলার ‘কড়া প্রতিক্রিয়া’ জানাল উত্তর কোরিয়া

ইরানে যৌথ হামলার ‘কড়া প্রতিক্রিয়া’ জানাল উত্তর কোরিয়া

ইরানে চালানো যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক অভিযান ‌অবৈধ আগ্রাসন ও জাতীয় সার্বভৌমত্বের লঙ্ঘন বলে মন্তব্য করেছে উত্তর কোরিয়া।

রোববার (১ মার্চ) উত্তর কোরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন মুখপাত্রের বিবৃতি রাষ্ট্রীয় সংবাদমাধ্যম কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সি প্রকাশ করেছে।

মুখপাত্র বলেন, ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের সামরিক পদক্ষেপ অনুমানযোগ্য পরিসরের মধ্যেই ছিল। যুক্তরাষ্ট্রের আধিপত্যবাদী ও গুন্ডামিসুলভ চরিত্রের কারণেই এমন পরিণতি অনিবার্য ছিল বলে মন্তব্য করেন তিনি।

বিবৃতিতে বলা হয়, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের এই ‘আগ্রাসনমূলক যুদ্ধ’ কোনো অবস্থাতেই গ্রহণযোগ্য নয়।

মধ্যপ্রাচ্যে শান্তি ও স্থিতিশীলতা ফিরিয়ে আনতে আঞ্চলিক দেশগুলো এবং সংশ্লিষ্ট স্বার্থসম্পন্ন রাষ্ট্রগুলোর দায়িত্বশীল ভূমিকা নেওয়া উচিত বলেও এতে উল্লেখ করা হয়।

এদিকে রোববার ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে, তাদের বিমানবাহিনী তেহরানের কেন্দ্রস্থলে ব্যাপক আকারে হামলা চালিয়েছে। ওই অভিযানে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হয়েছেন।

রোববার ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিল তার মৃত্যুর খবর নিশ্চিত করে। খামেনির মৃত্যুতে দেশজুড়ে ৪০ দিনের রাষ্ট্রীয় গণশোক ঘোষণা করা হয়েছে। রাজধানী তেহরানসহ বিভিন্ন শহরে মানুষ রাজপথে নেমে শোক প্রকাশ করছেন। শোকে স্তব্ধ বহু ইরানি।

এদিকে ইরানের বিপ্লবী গার্ড কর্পসের (আইআরজিসি) ‘মহান নেতা’কে হত্যার প্রতিশোধ নেওয়ার অঙ্গীকার করেছে।