logo
Advertisement

পাকিস্তানে ৫ ক্রুসহ কার্গো বিমান নিখোঁজ

এশিয়া পোস্ট ডেস্ক
পাকিস্তানে ৫ ক্রুসহ কার্গো বিমান নিখোঁজ
ছবি: সংগৃহীত

সংযুক্ত আরব আমিরাতের শারজাহ থেকে পাকিস্তানের করাচি আসার পথে পাঁচজন ক্রুসহ একটি কার্গো বিমানের যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে।

Advertisement

উড্ডয়নকালে নেভিগেশন সিস্টেমে (দিকনির্ণয় ব্যবস্থা) ত্রুটি দেখা দেওয়ার পর মঙ্গলবার (৭ জুলাই) রাতে বিমানটি নিখোঁজ হয়। পাকিস্তান বিমান চলাচল কর্তৃপক্ষ ইতিমধ্যে উদ্ধার অভিযান শুরু করেছে।

পাকিস্তান এয়ারপোর্টস অথরিটি ফেসবুকে দেওয়া এক বিবৃতিতে জানায়, কেটু এয়ারওয়েজের পরিচালিত ২৭ বছরের পুরোনো কার্গো বিমানটি করাচির দিকে আসছিল। পাকিস্তান সময় রাত ৯টা ১৮ মিনিটে বিমানটি থেকে নেভিগেশন সিস্টেমে সমস্যার কথা জানানো হয়।

বিবৃতিতে আরও বলা হয়, স্থানীয় এয়ার ট্রাফিক কন্ট্রোল বিমানটিকে গাইড করার চেষ্টা করেছিল। কিন্তু এর মাত্র তিন মিনিট পর রাডারে দেখা যায় বিমানটি অত্যন্ত দ্রুত নিচের দিকে নেমে যাচ্ছে এবং একপর্যায়ে যোগাযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে পড়ে। নিখোঁজ হওয়ার সময় বিমানটি করাচি থেকে প্রায় ১৫৫ নটিক্যাল মাইল পশ্চিমে অবস্থান করছিল।

ফ্লাইট ট্র্যাকিং সার্ভিস ‘ফ্লাইটরাডার২৪’ এক্স-এ (সাবেক টুইটার) জানিয়েছে, প্রাথমিক তথ্য অনুযায়ী বিমানটি করাচির দক্ষিণ-পশ্চিমে আরব সাগরে ভেঙে পড়েছে বলে ধারণা করা হচ্ছে।

অন্যদিকে, পাকিস্তানের স্থানীয় সংবাদমাধ্যম জিও নিউজ জানিয়েছে, বেলুচিস্তানের ওরমারা এলাকার কাছে আরব সাগরের ওপর দিয়ে ওড়ার সময় বিমানটি নিখোঁজ হয়।

সূত্র: রয়টার্স