logo
Advertisement

বিশ্বমঞ্চে নিজেকে চাওয়ালা বললেন মোদি

এশিয়া পোস্ট ডেস্ক
বিশ্বমঞ্চে নিজেকে চাওয়ালা বললেন মোদি
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ছবি: সংগৃহীত

ইতালির রোমে খাদ্য ও কৃষি সংস্থার (এফএও) সদর দপ্তরে আয়োজিত এক অনুষ্ঠানে নিজকে চাওয়ালা (চা বিক্রেতা) বলে উল্লেখ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আন্তর্জাতিক চা দিবস উদযাপনের আগে প্রতিনিধিদের উদ্দেশে দেওয়া ভাষণে তিনি এফএওর মহাপরিচালক ও উপস্থিত সবাইকে ধন্যবাদ জানান। পাশাপাশি ভারতের গভীর চা ঐতিহ্যের কথাও তুলে ধরেন।

Advertisement

মোদি বলেন, ২১ মে আপনারা চা দিবস উদযাপন করতে চলেছেন। চা দিবস উদযাপনের জন্য একজন চাওয়ালা এক দিন আগেই আপনাদের মাঝে চলে এসেছেন। ভারতে চায়ের প্রকারভেদ অনেক এবং এখানকার চায়ের কড়া ভাবও অসাধারণ।

বুধবারের (২০ মে) তার এই বক্তব্য শুনে উপস্থিত জনতা হেসে ওঠেন এবং করতালি দেন। মোদির এই মন্তব্যের একটি ভিডিও ক্লিপ সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, প্রধানমন্ত্রী মোদিকে এফএও কর্তৃক ২০২৬ সালের মর্যাদাপূর্ণ এগ্রিকোলা পদক দেওয়া হয়েছে।

স্বীকৃত হওয়ার পর ভারতের প্রধানমন্ত্রী বলেন, ‘আপনাদের উষ্ণ অভ্যর্থনা ও আমাকে এগ্রিকোলা পদক দিয়ে সম্মানিত করার জন্য আমি এফএওর মহাপরিচালককে আন্তরিক কৃতজ্ঞতা জানাই। ভারতের প্রতি তার বন্ধুত্বপূর্ণ বক্তব্য এবং এফএওতে তার বহু বছরের অবদানের আমি প্রশংসা করি।’

তিনি আরও বলেন, এই সম্মান শুধু আমার জন্য নয়; এটি ভারতের কোটি কোটি কৃষক, পশুপালক, জেলে, কৃষিবিদ এবং আমাদের কর্মীদের প্রাপ্য। এটি ভারতের অবিচল অঙ্গীকারের প্রতিও একটি সম্মান, যার কেন্দ্রে রয়েছে মানবকল্যাণ, খাদ্য নিরাপত্তা এবং টেকসই উন্নয়ন। আমি অত্যন্ত বিনয়ের সঙ্গে এই পদক গ্রহণ করছি এবং এটি ভারতের খাদ্য সরবরাহকারীদের উৎসর্গ করছি।

গত ১৫ মে থেকে নরেন্দ্র মোদি ইতালিসহ পাঁচটি দেশে সফর করছেন। রোম থেকে সরাসরি নয়াদিল্লিতে ফেরার কথা রয়েছে তার। সফররত অন্যান্য দেশগুলোর মধ্যে রয়েছে সংযুক্ত আরব আমিরাত, নেদারল্যান্ডস, সুইডেন, নরওয়ে।