ভারতের জাহাজকে হরমুজ পাড়ি দিতে দেয়নি ইরান

অন্তর্বর্তীকালীন যুদ্ধবিরতি বিদ্যমান থাকা অবস্থায় ইরানের ওপর হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। ফলে হরমুজ প্রণালিতে আরও কড়াকড়ি আরোপ করেছে পশ্চিম এশিয়ার দেশটি। এমন উত্তেজনাকর পরিস্থিতিতে প্রণালিটি পাড়ি দিতে অগ্রসর হচ্ছিল ভারতের একটি তেলবাহী ট্যাংকার। কিন্তু জাহাজটিকে প্রণালি পাড়ি দিতে দেয়নি ইরান।
বুধবার (৮ জুলাই) দেশটির আধা-সরকারি সংবাদ সংস্থা ফার্স দাবি করেছে, হরমুজ প্রণালিতে ওমানের নির্ধারিত নৌপথ ব্যবহার করতে যাওয়া একটি ভারতীয় তেলবাহী ট্যাংকারকে ফেরত পাঠানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, উপসাগরে আটকে পড়া জাহাজগুলোর নিরাপদ চলাচল নিশ্চিত করতে গত ২৪ জুন ওমান ও জাতিসংঘের আন্তর্জাতিক সামুদ্রিক সংস্থা (আইএমও) ওমান উপকূলসংলগ্ন একটি অস্থায়ী নৌ-করিডোর চালু করে।
ওই করিডোরটি যুক্তরাষ্ট্রের তত্ত্বাবধানে পরিচালিত হচ্ছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি) বেতার যোগাযোগের মাধ্যমে জাহাজগুলোকে ওমানের করিডোর ব্যবহার না করে ইরান নির্ধারিত নৌপথ ব্যবহার করতে নির্দেশ দিচ্ছে।
প্রতিবেদন অনুযায়ী, জাহাজ চলাচল-সংক্রান্ত তথ্য বিশ্লেষণে দেখা গেছে, মঙ্গলবার (৭ জুলাই) সকালে হরমুজ প্রণালি অতিক্রম করা সব জাহাজই শেষ পর্যন্ত ইরান-অনুমোদিত করিডোর ব্যবহার করেছে।
তবে ভারতীয় কর্তৃপক্ষ, ওমান, আইএমও কিংবা অন্য কোনো স্বাধীন সূত্র থেকে এসব দাবির তাৎক্ষণিক নিশ্চিতকরণ পাওয়া যায়নি। তাই ফার্সের প্রকাশিত তথ্য স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।
সূত্র: আলজাজিরা





