logo

চীনে প্রতারণা চক্রের ১১ সদস্যের মৃত্যুদণ্ড কার্যকর

চীনে প্রতারণা চক্রের ১১ সদস্যের মৃত্যুদণ্ড কার্যকর

উত্তর মিয়ানমারে সক্রিয় টেলিকম জালিয়াতি চক্রের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে চীন। এই অভিযানের অংশ হিসেবে চক্রটির শীর্ষ পর্যায়ের ১১ সদস্যের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। দক্ষিণ-পূর্ব এশিয়াজুড়ে বিস্তৃত প্রতারণা নেটওয়ার্ক দমনে বেইজিংয়ের জোরাল পদক্ষেপেরই প্রতিফলন হিসেবে দেখা হচ্ছে এই ঘটনাকে।

রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সিনহুয়া জানিয়েছে, উত্তর মিয়ানমারে সক্রিয় টেলিকম জালিয়াতি চক্রের শীর্ষ সদস্যদের মধ্যে ১১ জন অপরাধীর মৃত্যুদণ্ড কার্যকর করেছে চীন।

অপরাধীদের পরিচয় সম্পর্কে বিস্তারিত তথ্য না দিয়ে সিনহুয়া জানায়, গত সেপ্টেম্বরে তাদের মৃত্যুদণ্ডাদেশ দেওয়া হয়। পরে পূর্বাঞ্চলীয় ঝেজিয়াং প্রদেশের ওয়েনঝো শহরের একটি আদালতের মাধ্যমে ওই দণ্ড কার্যকর করা হয়। সাম্প্রতিক বছরগুলোতে দক্ষিণ-পূর্ব এশিয়ায় বিস্তৃত তথাকথিত ‘স্ক্যাম সেন্টার’ বা প্রতারণা কেন্দ্রগুলোর বিরুদ্ধে অভিযান জোরদার করেছে চীন।

এ লক্ষ্যে থাইল্যান্ড, মিয়ানমার ও কম্বোডিয়ার সঙ্গে দেশটি সহযোগিতা বাড়িয়েছে। এই উদ্যোগের ফলে হাজার হাজার সন্দেহভাজন অপরাধীকে দেশে ফিরিয়ে আনা সম্ভব হয়েছে বলে জানিয়েছেন আন্তর্জাতিক সংগঠিত অপরাধ বিশেষজ্ঞরা।

গত বছর চীনের জননিরাপত্তা মন্ত্রণালয় জানায়, অনলাইন জুয়া ও টেলিকম জালিয়াতির অভিযোগে ৭ হাজার ৬০০ জনের বেশি চীনা নাগরিককে থাইল্যান্ড-মিয়ানমার সীমান্তবর্তী দক্ষিণ-পূর্ব মিয়ানমারের মায়াওয়াদি শহর থেকে ফিরিয়ে আনা হয়েছে। চলতি মাসের শুরুতে কম্বোডিয়া চীনের ধনকুবের চেন ঝিকে দেশটির কাছে হস্তান্তর করে।

যুক্তরাষ্ট্রের অভিযোগ, তিনি একটি বহু বিলিয়ন ডলারের সাইবার প্রতারণা নেটওয়ার্কের আড়াল হিসেবে ব্যবহৃত একটি প্রতিষ্ঠানের চেয়ারম্যান।

সূত্র: রয়টার্স।