দ্বিতীয় দফার বৈঠকেও যুক্তরাষ্ট্রের নেতৃত্বে থাকছেন ভ্যান্স

ইরানের সঙ্গে দ্বিতীয় দফার সরাসরি আলোচনা আগামী দুই দিনের মধ্যে অনুষ্ঠিত হতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পাকিস্তানে অনুষ্ঠিত হতে যাওয়া এ বৈঠকেও যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স।
আলোচনা শুরুর আগে মঙ্গলবার (১৪ এপ্রিল) যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে কয়েক দশকের বৈরিতা কাটিয়ে একটি বড় ধরনের রাজনৈতিক ও কৌশলগত চুক্তিতে পৌঁছানোর ইঙ্গিত দিয়েছেন জেডি ভ্যান্স।
ট্রাম্প প্রশাসনের এই প্রভাবশালী নেতা জানিয়েছেন, তারা ইরানের সঙ্গে কোনো ছোটখাটো বিষয় নয়, বরং একটি ‘মহা-সমঝোতা’ নিশ্চিত করতে চান।
সংবাদমাধ্যম সিএনএনের প্রতিবেদনে বলা হয়েছে, মঙ্গলবার যুক্তরাষ্ট্রের দক্ষিণঞ্চলীয় অঙ্গরাজ্য জর্জিয়ার এক অনুষ্ঠানে ভ্যান্স এমনটি ইঙ্গিত দিয়েছেন। তিনি বলেন, গত সপ্তাহে পাকিস্তানে ২১ ঘণ্টার দীর্ঘ আলোচনায় দুই দেশের মধ্যে গভীর অবিশ্বাস লক্ষ্য করা গেলেও উভয় পক্ষই একটি চুক্তিতে পৌঁছাতে আগ্রহী ছিল। এরই ধারাবাহিকতায় চলতি সপ্তাহেই পাকিস্তানে দ্বিতীয় দফায় সরাসরি আলোচনা শুরু হতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন স্বয়ং প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
আলোচনার প্রধান কেন্দ্রবিন্দুতে রয়েছে ইরানের পারমাণবিক কর্মসূচি। প্রেসিডেন্ট ট্রাম্প স্পষ্ট করেছেন, ইরানের হাতে পারমাণবিক অস্ত্র না থাকা এবং তাদের সমৃদ্ধ ইউরেনিয়াম সরিয়ে নেওয়া ওয়াশিংটনের প্রধান লক্ষ্য।
নিউইয়র্ক টাইমসের তথ্য অনুযায়ী, যুক্তরাষ্ট্র ইরানের পারমাণবিক কার্যক্রম ২০ বছরের জন্য স্থগিত রাখার প্রস্তাব দিলেও তেহরান তা ৫ বছরের জন্য স্থগিত রাখার পাল্টা প্রস্তাব দিয়েছে।
সিএনএনের সূত্র মতে, আগামী দুই দিনের মধ্যে অনুষ্ঠিতব্য এই সম্ভাব্য বৈঠকে ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের পাশাপাশি ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনার এবং বিশেষ দূত স্টিভ উইটকফ অংশ নিতে পারেন। যদিও হোয়াইট হাউসের পক্ষ থেকে এখনও বৈঠকের নির্দিষ্ট সময়সূচি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়নি।
এর আগে নিউইয়র্ক পোস্টকে দেওয়া এক সাক্ষাৎকারে ডোনাল্ড ট্রাম্প বলেন, আগামী দুই দিনের মধ্যে বড় কিছু ঘটতে পারে। আমরা আলোচনার জন্য সেখানে (পাকিস্তান) যাওয়ার বিষয়ে ইতিবাচক মনোভাব পোষণ করছি।