জ্বালানি নিরাপত্তা নিশ্চিতে জাপান ও ইন্দোনেশিয়ার চুক্তি

জ্বালানি নিরাপত্তা নিশ্চিতে পারস্পরিক সহযোগিতা ও সমন্বয় আরও বাড়ানোর বিষয়ে একমত হয়েছে জাপান ও ইন্দোনেশিয়া।
মঙ্গলবার (৩১ মার্চ) টোকিওতে এক দ্বিপাক্ষিক বৈঠকের পর জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি এবং ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট প্রাবোওয়ো সুবিয়ানতো এই ঘোষণা দেন।
বৈঠক শেষে এক যৌথ সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী তাকাইচি বলেন, ‘ইরান পরিস্থিতির প্রেক্ষাপটে বিশ্বজুড়ে খনিজ সম্পদ ও জ্বালানি নিরাপত্তার কৌশলগত গুরুত্ব আবারও নতুন করে সামনে আসছে। আর এক্ষেত্রে ইন্দোনেশিয়া একটি অত্যন্ত সম্পদশালী রাষ্ট্র।’
বর্তমানে ইরানে চলমান যুদ্ধের ফলে তেল ও গ্যাসের সরবরাহ ব্যবস্থা সংকটের মুখে পড়েছে। এশিয়াজুড়ে জ্বালানির এই ঘাটতি মোকাবিলায় ইন্দোনেশিয়ার মতো দেশের ভূমিকা এখন অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে বলে মনে করেছেন বিশ্লেষকরা।
সংবাদ সংস্থা রয়টার্সের তথ্য অনুযায়ী, ইন্দোনেশিয়া বিশ্বের বৃহত্তম কয়লা রপ্তানিকারক দেশ। বৈশ্বিক রপ্তানির প্রায় অর্ধেকই সরবরাহ করে তারা। এ ছাড়া দেশটি তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের (এলএনজি) একটি বড় উৎস, যার প্রায় এক চতুর্থাংশ সরাসরি জাপানে রপ্তানি করা হয়।
এই চুক্তির মাধ্যমে এশিয়ায় জ্বালানি সরবরাহ স্থিতিশীল রাখতে দুই দেশ কৌশলগতভাবে আরও ঘনিষ্ঠ হবে বলে মনে করা হচ্ছে।