বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বাড়ল

ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের উত্তেজনার প্রভাব পড়েছে বিশ্ব বাণিজ্যে। বৈশ্বিক তেলের বাজারে দেখা দিয়েছে ঊর্ধ্বগতি। ব্রেন্ট ফিউচার্সের অপরিশোধিত তেলের দাম ১ দশমিক ১৩ ডলার বা ১ দশমিক ৬ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ৭১ দশমিক ৪৮ ডলারে পৌঁছেছে।
বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) বাংলাদেশ সময় রাত ৮টা ১৮ মিনিটে তেলের দামে এই ঊর্ধ্বগতি হয় বলে জানায় রয়টার্স।
একই সময়ে যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) অপরিশোধিত তেলের দাম ১ দশমিক ১৬ ডলার বা ১ দশমিক ৮ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ৬৬ দশমিক ৩৫ ডলারে দাঁড়িয়েছে।
স্যাক্সো ব্যাংকের বিশ্লেষক ওলে হ্যানসেন বলেন, ভূরাজনৈতিক ঝুঁকির ফলে দাম বাড়ছে। বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ তেল পরিবহনপথ আবারও সম্ভাব্য সংঘাতের ঝুঁকির মধ্যে রয়েছে। ইরানের নিকটবর্তী হরমুজ প্রণালি দিয়ে বিশ্বব্যাপী মোট তেল সরবরাহের প্রায় ২০ শতাংশ পরিবাহিত হয়।
ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম প্রেসটিভি জানিয়েছে, মঙ্গলবার সামরিক মহড়ার অংশ হিসেবে তারা কয়েক ঘণ্টার জন্য প্রণালিটি বন্ধ করেছিল। তবে প্রণালিটি ফের পুরোপুরি চালু হয়েছে কিনা, তা স্পষ্ট করা হয়নি। পাশাপাশি বৃহস্পতিবার যৌথ মহড়া পরিচালনার পরিকল্পনার কথাও জানিয়েছে ইরানের আধা-সরকারি বার্তা সংস্থা ফারস।