হরমুজ প্রণালি কবে খুলবে, জানাল ইরান

মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের ফলে বিশ্বের অন্যতম সংকীর্ণ জলপথ হরমুজ প্রণালি দিয়ে আবারও বাণিজ্যিক জাহাজ চলাচল বন্ধ করেছে ইরান। বিশ্ব অর্থনীতিতে এর ব্যাপক প্রভাব পড়েছে। ইতিমধ্যে অপরিশোধিত তেলের দামে ঊর্ধ্বগতি। এমন বাস্তবতায় হরমুজ প্রণালি আবারও নৌ-চলাচলের জন্য কবে উন্মুক্ত হবে, তা অনিশ্চিত হয়ে পড়েছে।
মঙ্গলবার (১৪ জুলাই) হরমুজ প্রণালির বিষয়ে স্পষ্ট বার্তা দিয়েছে ইরানের সেনাবাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আকরামিনিয়া।
দেশটির আধা-সরকারি সংবাদ সংস্থা তাসনিম জানিয়েছে, ‘যুদ্ধ, অশুভ শক্তি ও মার্কিন আগ্রাসনের’ মাধ্যমে হরমুজ প্রণালি কখনও খোলা হবে না বলে স্পষ্ট হুঁশিয়ারি দিয়েছে ইসলামিক প্রজাতন্ত্র ইরানের সেনাবাহিনী। সশস্ত্র বাহিনীর মুখপাত্র আকরামিনিয়া এক বিবৃতিতে এই মন্তব্য করেন।
তিনি বলেন, আন্তর্জাতিক বাণিজ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এই জলপথের সুরক্ষার ব্যাপারে দেশের সশস্ত্র বাহিনী কোনো ধরনের ছাড় দেবে না। আকরামিনিয়া জোর দিয়ে বলেন, হরমুজ প্রণালি উন্মুক্ত রাখার একমাত্র উপায় হলো ইরানি জনগণের বৈধ অধিকারকে পূর্ণ সম্মান জানানো।
বিবৃতিতে মার্কিন-ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি দিয়ে তিনি আরও বলেন, ‘আমাদের দেশের সব শহীদের রক্তের প্রতিশোধ নেওয়া আমাদের পবিত্র কর্তব্য, বিশেষ করে ইসলামি বিপ্লবের শহীদ নেতার রক্তের বদলা আমরা নেবই।’
এদিকে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে নতুন করে শুরু হওয়া হামলা পাল্টা হামলার জেরে বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বেড়ে চার সপ্তাহের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। অপরিশোধিত তেল সরবরাহের সবচেয়ে গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালিতে অস্থিরতা তৈরি হওয়ায় বিশ্বজুড়ে জ্বালানি সরবরাহের ক্ষেত্রে বড় ধরনের শঙ্কা দেখা দিয়েছে।
সর্বশেষ বাজার পরিস্থিতি অনুসারে মঙ্গলবার (১৪ জুলাই) বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, বিশ্ববাজারে ব্রেন্ট ক্রুড তেলের দাম ব্যারেলপ্রতি ১ দশমিক ৫০ মার্কিন ডলার বা ১ দশমিক ৮ শতাংশ বৃদ্ধি পেয়ে ৮৪ দশমকি ৮০ ডলারে দাঁড়িয়েছে।
অন্যদিকে মার্কিন ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) ক্রুডের দাম ব্যারেলপ্রতি ১ দশমকি ৭০ ডলার বা ২ দশমকি ২ শতাংশ বেড়ে ৭৯ দশমিক ৮৪ ডলারে পৌঁছেছে।
এর আগে, গত সেশনে ব্রেন্ট ক্রুডের দাম এক লাফে ৯ দশমকি ৬ শতাংশ বেড়েছিল, যা ২০২০ সালের মে মাসের পর থেকে তেলের মূল্যের সর্বোচ্চ দৈনিক বৃদ্ধির রেকর্ড।





