logo

শুল্ক নিয়ে সুপ্রিম কোর্টের রায়কে ‘দুঃখজনক’ বললেন ট্রাম্প

শুল্ক নিয়ে সুপ্রিম কোর্টের রায়কে ‘দুঃখজনক’ বললেন ট্রাম্প

শুল্ক নিয়ে যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্টের রায়কে ‘দুঃখজনক’ বলে মন্তব্য করেছেন দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ওই রায়ে বিশ্বের বিভিন্ন দেশের ওপর আরোপ করা ট্রাম্পের অনেক শুল্ককে অবৈধ ঘোষণা করা হয়।

সোমবার (২৪ ফেব্রুয়ারি) স্থানীয় সময় রাতে ক্যাপিটল হিলে কংগ্রেসে তার বার্ষিক স্টেট অব দ্য ইউনিয়ন ভাষণে তিনি এ মন্তব্য করেন। খবর আল-জাজিরার

ভাষণে ট্রাম্প বলেন, ‘মাত্র চার দিন আগে সুপ্রিম কোর্ট একটি রায় দিয়েছে—খুবই দুঃখজনক রায়।’ তবে তিনি জানান, বিকল্প আইনি কাঠামোর মাধ্যমে তিনি এসব শুল্ক কার্যকর রাখবেন এবং এজন্য কংগ্রেসের অনুমোদন প্রয়োজন হবে না।

তার ভাষায়, ‘সম্পূর্ণ অনুমোদিত ও পরীক্ষিত বিকল্প আইনি ব্যবস্থার মাধ্যমে আমরা শুল্ক বজায় রাখব। কংগ্রেসের কোনো পদক্ষেপ প্রয়োজন হবে না।’

গত শুক্রবার যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট ১৯৭৭ সালের আন্তর্জাতিক জরুরি অর্থনৈতিক ক্ষমতা আইনের অধীনে ট্রাম্পের ঘোষিত বৈশ্বিক শুল্ক বাতিল করে। আদালতের এমন সিদ্ধান্তের পর, ভিন্ন একটি আইনের অধীনে বিশ্বব্যাপী নতুন করে ১০ শতাংশ শুল্ক ঘোষণা করেন ট্রাম্প। তবে এ শুল্কের হার দ্রুতই ১৫ শতাংশে উন্নীত করবেন বলে জানিয়েছেন তিনি।

পরে মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) ট্রাম্প এক নির্বাহী আদেশে ১০ শতাংশ শুল্ক আরোপের নির্দেশ দেন। পরে তিনি তা ১৫ শতাংশে উন্নীত করার হুমকি দেন। তবে সেই শুল্ক এখনও আনুষ্ঠানিকভাবে কার্যকর করার নির্দেশ দেননি তিনি। ফলে শেষমেশ শুল্ক কার্যকর হচ্ছে ১০ শতাংশ হারে।

মার্কিন প্রশাসন ১৯৭৪ সালের ট্রেড অ্যাক্টের ১২২ নম্বর ধারা অনুযায়ী এই শুল্ক আরোপ করছে। এই আইনে ১৫০ দিন পর্যন্ত কংগ্রেসের অনুমোদন ছাড়াই প্রেসিডেন্টের শুল্ক আরোপের ক্ষমতা আছে।

মার্কিন কাস্টমস এবং সীমান্ত সুরক্ষা কর্তৃপক্ষের জারি করা এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ওয়াশিংটন মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) থেকে ⁠ছাড়ের আওতাভুক্ত নয় এমন সব পণ্যের ওপর ১০ শতাংশ অতিরিক্ত শুল্ক আরোপ করেছে।

তবে বিবিসি জানিয়েছে, যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট মার্কিন প্রশাসনের আরোপ করা বৈশ্বিক শুল্ক স্থগিত করার পর, দেশটির সঙ্গে বাণিজ্য চুক্তি নিয়ে ‘টালবাহানা করা’ দেশগুলোর ওপর উচ্চহারে শুল্ক আরোপের হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

গত বছর ট্রাম্প আরোপিত বেশিরভাগ শুল্ক বাতিলের সিদ্ধান্ত আসার পর শুল্ক ও বাণিজ্য চুক্তির কী হবে—বিশ্বের বিভিন্ন দেশ তা মূল্যায়ন করছে। এরপরই এই সতর্কবার্তা দিলেন ট্রাম্প।

সোমবার ইউরোপীয় ইউনিয়ন জানিয়েছে যে, তারা গ্রীষ্মে সম্পাদিত একটি চুক্তির অনুমোদন স্থগিত করবে। এ ছাড়া চুক্তি চূড়ান্ত করার জন্য পূর্বনির্ধারিত আলোচনা স্থগিত করার কথা জানিয়েছে ভারত।

তবে সুপ্রিম কোর্টের এই রায় ব্যবহার করে গত বছরের বাণিজ্য প্রতিশ্রুতি থেকে সরে আসার বিষয়ে দেশগুলোকে সতর্ক করেছেন ট্রাম্প।