Advertisement

সাইবার হয়রানি রোধে নতুন আইনের খসড়া প্রকাশ চীনের

এশিয়া পোস্ট ডেস্ক
সাইবার হয়রানি রোধে নতুন আইনের খসড়া প্রকাশ চীনের
প্রতীকী ছবি

সাইবার হয়রানি (সাইবার বুলিং) রোধ ও এ নিয়ে জনগণের ক্রমবর্ধমান উদ্বেগের প্রেক্ষাপটে নতুন একটি আইনের খসড়া প্রকাশ করেছে দ্য সাইবারস্পেস অ্যাডমিনিস্ট্রেশন অব চায়না (সিএসি)। বুধবার (২৯ জুলাই) জনমত নেওয়ার জন্য খসড়াটি প্রকাশ করা হয়।

কর্তৃপক্ষ জানিয়েছে, সাইবার হয়রানির ক্ষতিকর প্রভাব নিয়ে দীর্ঘদিনের জনউদ্বেগ এবং এ সমস্যা মোকাবিলায় আরও কঠোর পদক্ষেপের দাবির পরিপ্রেক্ষিতেই নতুন আইন প্রণয়নের উদ্যোগ নেওয়া হয়েছে।

খসড়া অনুযায়ী, ইন্টারনেট সেবা প্রদানকারী প্রতিষ্ঠানগুলোকে সাইবার হয়রানির সম্ভাব্য ঝুঁকি শনাক্ত করার সঙ্গে সঙ্গে ব্যবহারকারীদের স্পষ্টভাবে সতর্ক করতে হবে। একই সঙ্গে ব্যবহারকারীদের সাইবার হয়রানি প্রতিরোধে প্রয়োজনীয় সেবা নিশ্চিত করতে হবে। শিশু, বয়স্ক ব্যক্তি বা প্রতিবন্ধী কেউ এ ধরনের হয়রানির শিকার হলে তা অবিলম্বে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানাতে হবে।

এ ছাড়া, কোনো ইন্টারনেট সেবা প্রদানকারী প্রতিষ্ঠান নিশ্চিত সাইবার হয়রানির ঘটনা বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে ব্যর্থ হলে ভুক্তভোগীরা স্থানীয় আদালতের শরণাপন্ন হতে পারবেন। এ ধরনের আবেদনের ভিত্তিতে আদালত সংশ্লিষ্ট ব্যক্তি বা প্রতিষ্ঠানের বিরুদ্ধে হয়রানি বন্ধে প্রয়োজনীয় নির্দেশ দিতে পারবে।

খসড়ায় আরও বলা হয়েছে, সাইবার হয়রানির কারণে জাতীয় স্বার্থ বা জনস্বার্থ ক্ষতিগ্রস্ত হলে প্রসিকিউটর বা সাইবারস্পেস প্রশাসনের নির্ধারিত সংস্থাগুলো জনস্বার্থে মামলা (পাবলিক ইন্টারেস্ট লিটিগেশন) করতে পারবে।

সূত্র: সিএমজি