গাজায় ভয়াবহ ইসরায়েলি হামলায় ২৩ ফিলিস্তিনি নিহত

গাজায় ভয়াবহ ইসরায়েলি হামলায় ২৩ ফিলিস্তিনি নিহত হয়েছেন। এটা অক্টোবরে যুদ্ধবিরতি শুরু হওয়ার পর থেকে সবচেয়ে ভয়াবহ আক্রমণ।
বুধবার (৪ ফেব্রুয়ারি) ফিলিস্তিনের মেডিকেলগুলোর সূত্রে এ তথ্য পাওয়া গেছে।
আলজাজিরা জানায়, হতাহতদের মধ্যে বেশ কয়েকজন শিশুও রয়েছে, যার মধ্যে ১১ বছর বয়সী একটি মেয়েও আছে। গাজা শহরের তুফাহ এবং জেইতুন এলাকায় ইসরায়েলি গোলাবর্ষণে কমপক্ষে ১৪ জন নিহত হয়েছেন। দক্ষিণ গাজার খান ইউনিসের দক্ষিণে কিজান আবু রাশওয়ান এলাকায় বাস্তুচ্যুতদের আশ্রয়কেন্দ্রে ইসরায়েলের সেনাবাহিনীর হামলায় আরও চারজন নিহত হয়েছেন বলে জানা গেছে।
আল-মাওয়াসি উপকূলীয় তাঁবু শিবিরে ইসরায়েলি বিমান হামলায় আরও দুজন নিহত হয়েছেন। প্যালেস্টাইন রেড ক্রিসেন্ট সোসাইটি জানিয়েছে, নিহতদের মধ্যে একজন হলেন উদ্ধারকর্মী হুসেন হাসান হুসেন আল-সুমাইরি।
খান ইউনিস থেকে আলজাজিরার তারেক আবু আজুম বলেছেন, গাজা শহরের বেশ কয়েকটি আবাসিক বাড়ি কোনো পূর্ব সতর্কতা ছাড়াই হামলার লক্ষ্যবস্তুতে পরিণত করা হয়েছে। যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ‘যুদ্ধবিরতি’ কার্যকর হওয়ার পরেও সামরিক হামলার ঘটনা ঘটছে। এসব কারণে গাজার ফিলিস্তিনিরা উৎকণ্ঠার মধ্যে দিন কাটাচ্ছেন।
ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, তাদের সাঁজোয়া ইউনিট এবং বিমানগুলো উত্তর গাজায় হামলা চালিয়েছে। তাদের একজন রিজার্ভ অফিসার গুলিবিদ্ধ হওয়ার পর এ আক্রমণ চালানো হয়।
অক্টোবরে যুদ্ধবিরতি শুরু হওয়ার পর থেকে ইসরায়েল ৫২০ জনেরও বেশি ফিলিস্তিনিকে হত্যা করেছে।