তারেক রহমানকে ঈদের শুভেচ্ছা জানালেন নরেন্দ্র মোদি

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে বাংলাদেশের জনগণ ও রাজনৈতিক নেতৃত্বকে শুভেচ্ছা জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ঈদের এই আনন্দঘন সময়ে তিনি দুই দেশের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ও সহযোগিতা আরও জোরদার করার প্রত্যাশা ব্যক্ত করেন বলে জানা গেছে।
বৃহস্পতিবার (২৮ মে) ঢাকাস্থ ভারতীয় হাইকমিশনের বরাতে জানানো হয়, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বাংলাদেশের জনগণকে ভারতের পক্ষ থেকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন। একই সঙ্গে তিনি বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছেও একটি শুভেচ্ছা বার্তা পাঠান। তথ্য বাসস
বার্তায় মোদি বলেন, ঈদুল আজহা ত্যাগ, সহানুভূতি ও ভ্রাতৃত্বের শিক্ষা দেয়, যা একটি শান্তিপূর্ণ ও অন্তর্ভুক্তিমূলক সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তিনি আরও উল্লেখ করেন, এই উৎসব ভারতের সমৃদ্ধ ও বৈচিত্র্যময় সাংস্কৃতিক ঐতিহ্যেরও অংশ।
ভারতের প্রধানমন্ত্রী দুই দেশের সম্পর্কের বিষয়ে বলেন, ভারত ও বাংলাদেশের মধ্যে ঐতিহাসিক, সাংস্কৃতিক ও জনগণের পারস্পরিক সম্পর্ক রয়েছে। এই সম্পর্ক শান্তি, স্থিতিশীলতা ও উন্নয়নের ভিত্তিতে আরও শক্তিশালী হয়েছে।
তিনি আরও জানান, বিভিন্ন ক্ষেত্রে দুই দেশের জনগণভিত্তিক সহযোগিতা আরও বাড়াতে ভারত আগ্রহী এবং ভবিষ্যতে এ সম্পর্ক আরও গভীর হবে বলে আশা প্রকাশ করেন।
নরেন্দ্র মোদি বাংলাদেশের জনগণের অব্যাহত অগ্রগতি ও সমৃদ্ধি কামনা করেন এবং প্রধানমন্ত্রী তারেক রহমানের সুস্বাস্থ্য ও মঙ্গল কামনা করেন।
.png)






