logo

ট্রাম্পের জয়ের দাবির পরও কেন শেষ হচ্ছে না ইরান যুদ্ধ?

ট্রাম্পের জয়ের দাবির পরও কেন শেষ হচ্ছে না ইরান যুদ্ধ?

ইরান যুদ্ধে জয়ের দাবি করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এক সপ্তাহ আগে তিনি ব্রিটেনকে বলেছিলেন,  তিনি ইতোমধ্যেই ইরান যুদ্ধে জয়ী হয়েছেন। এ কারণে ব্রিটেনকে মধ্যপ্রাচ্যে যুদ্ধজাহাজ পাঠানোর দরকার নেই।

কিন্তু, এখন তিনি আমেরিকার মিত্র রাষ্ট্র ও ন্যাটোভুক্ত দেশগুলোকে যুদ্ধজাহাজ পাঠানোর জন্য আহ্বান জানাচ্ছেন। এমনকি চীনকেও হরমুজ প্রণালি খুলতে সহায়তা করার জন্য জাহাজ পাঠাতে অনুরোধ করছেন। 

এ বিষয়ে তিনি হুমকি দিয়ে বলেছেন, যদি সামরিক সহায়তা না আসে—তাহলে ইউরোপকে যুক্তরাষ্ট্র যে নিরাপত্তা দেয় তা ঝুঁকির মুখে পড়তে পারে। এছাড়া চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে এই মাসে তার পরিকল্পিত শীর্ষ সম্মেলনটিও অনুষ্ঠিত হবে না।

ফাইন্যান্সিয়াল টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, ইরানে একাধিক বিজয়ের পরও যুদ্ধ এখনও শেষ হয়নি। 

কারণ, ইরানি সেনারা হরমুজ প্রণালি বন্ধ করে দিয়েছে। এর ফলে বিশ্বব্যাপী জ্বালানি সংকট সৃষ্টি হয়েছে। তেলের দাম বৃদ্ধির শঙ্কা ট্রাম্পকে নিজ দেশেই রাজনৈতিকভাবে দুর্বল করে দিতে পারে। এছাড়া ইরানের ক্ষেপণাস্ত্র শক্তি, সমুদ্রভিত্তিক ড্রোন ও মাইনের কারণে যুদ্ধের ভয়াবহতা আরও বেড়েছে। ইরানের যুদ্ধ করার ক্ষমতা তেমন একটা ক্ষতিগ্রস্ত না হওয়ায় এ সংঘাত আরও দীর্ঘ সময় ধরে চলতে পারে। এমনকি এ যুদ্ধ শেষ করতে যুক্তরাষ্ট্রকে স্থল সেনা মোতায়েন করতে হতে পারে। 

এখন পরিস্থিতি এতটাই নাজুক যে, ট্রাম্প এখন বিদেশি নৌবাহিনীর কাছে সহায়তা চাচ্ছেন। তিনি চান হরমুজ প্রণালিতে নৌযান চলাচলের নিরাপত্তা নিশ্চিতে বিভিন্ন দেশের যুদ্ধজাহাজ তাকে সহায়তা করুক। কিন্তু, কোনো দেশ তাকে সাহায্যের প্রতিশ্রুতি দিচ্ছে না।

এখন ধারণা করা হচ্ছে যে, ইরান যুদ্ধ যুক্তরাষ্ট্রের প্রত্যাশার চেয়েও বেশি সময় ধরে চলবে। তবে ট্রাম্প ও মার্কিন সরকার সবাইকে বলছে যে, এ সংঘাত শিগগিরই শেষ হতে পারে। 

এবিসি নিউজের ‘দিস উইক’ অনুষ্ঠানে যুক্তরাষ্ট্রের জ্বালানিমন্ত্রী  ক্রিস রাইট বলেন, আমি মনে করি যে, এই যুদ্ধ অবশ্যই আগামী কয়েক সপ্তাহের মধ্যে শেষ হয়ে যাবে। এর আগেও এ সংঘাত বন্ধ হয়ে যেতে পারে।

রোববার সিএনএনের ‘স্টেট অব দ্য ইউনিয়ন’ অনুষ্ঠানে জাতিসংঘে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মাইক ওয়াল্টজ বলেন, ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্র সামরিকভাবে জয়ী হওয়ায় আমরা সংশ্লিষ্টদের প্রশংসা করছি। 

কিন্তু, এ যুদ্ধ থেকে আমেরিকান সেনা সদস্যরা কখন বাড়ি ফিরবেন সে বিষয়ে তিনি কোনো কথা বলতে অস্বীকৃতি জানিয়েছেন। এর মানে দীর্ঘ সময় ধরে যুদ্ধ চলবে, যদিও মার্কিন সরকার এ বিষয়ে তেমন কিছু স্পষ্ট করে জানাচ্ছে না।

ট্রাম্প যদিও দাবি করছেন যে তিনি এ যুদ্ধে জিতে গেছেন। কিন্তু, ১৩ জন মার্কিন সেনার মৃত্যুর পরও মধ্যপ্রাচ্যে আমেরিকান সেনারা এখনও নিরাপদ নয়। এছাড়া তিনি পরস্পরবিরোধী বিবৃতি দিয়ে বিভ্রান্তি আরও বাড়িয়ে চলেছেন। এর মাধ্যমে তার যুদ্ধে জয়ী হওয়ার দাবির যৌক্তিকতা প্রশ্নের মুখে পড়েছে। এছাড়া এ বিষয়টি স্পষ্ট করেছে যে, ইরাক ও আফগানিস্তানের মতো দীর্ঘ যুদ্ধ না হলেও ইরান যুদ্ধ সহজে থামছে না।