logo

মার্কিন হামলায় ইরানের ৪২ জাহাজ ধ্বংস: ট্রাম্প

মার্কিন হামলায় ইরানের ৪২ জাহাজ ধ্বংস: ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানের ওপর মার্কিন হামলায় দেশটির সামরিক ক্ষমতা উল্লেখযোগ্যভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। ইরানের নৌবাহিনী, বিমানবাহিনী এবং টেলিযোগাযোগ ব্যবস্থার ব্যাপক ক্ষতি হয়েছে।

শনিবার (৭ মার্চ) ফ্লোরিডায় এক অনুষ্ঠানে ট্রাম্প এসব কথা বলেন। এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আলজাজিরা।

ডোনাল্ড ট্রাম্প বলেন, মার্কিন বাহিনী সাম্প্রতিক দিনগুলোতে ৪২টি ইরানি নৌযান ধ্বংস করেছে। দেশটির বিমানবাহিনীর সক্ষমতা ও টেলিযোগাযোগ ব্যবস্থার বেশিরভাগ অংশ ধ্বংস হয়েছে।

তিনি বলেন, শুরুতে মার্কিন হামলাগুলোতে ইরানের পারমাণবিক কর্মসূচির সঙ্গে সংশ্লিষ্ট স্থাপনাগুলোকে লক্ষ্যবস্তু করা হয়েছিল। সেই হামলাগুলো আগে তেহরান পারমাণবিক অস্ত্রের অধিকারী হওয়ার কাছাকাছি ছিল।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট দাবি করেন, চলমান যুদ্ধে ইরানের বিরুদ্ধে অসাধারণ সাফল্য পেয়েছে যুক্তরাষ্ট্র।

তবে এই দাবি তাৎক্ষণিকভাবে যাচাই করা সম্ভব হয়নি। ইরানি কর্তৃপক্ষের পক্ষ থেকেও তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।

এর আগে, ট্রুথ সোশ্যালে দেওয়া পোস্টে মার্কিন প্রেসিডেন্ট দাবি করেন, সাম্প্রতিক পরিস্থিতিতে ইরান তার মধ্যপ্রাচ্যের প্রতিবেশী দেশগুলোর কাছে ‘ক্ষমা চেয়েছে’ এবং আত্মসমর্পণ করেছে। তাদের ওপর আর হামলা না চালানোর ‘প্রতিশ্রুতিও দিয়েছে’। এই প্রতিশ্রুতি এসেছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক হামলার চাপের কারণেই।

তবে তার এই দাবি প্রত্যাখ্যান করেছে ইরান। মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প ইরানের প্রেসিডেন্ট পেজেশকিয়ানের মন্তব্যের যে ব্যাখ্যা দিয়েছেন তা ‘পুরোপুরি মিথ্যা’ বলে উল্লেখ করেছেন দেশটির চিন্তন প্রতিষ্ঠান ডিপ্লো হাউসের পরিচালক বিশ্লেষক হামিদরেজা গোলামজাদে। তিনি বলেন, পেজেশকিয়ানের মন্তব্যকে ‘আত্মসমর্পণ’ হিসেবে ট্রাম্পের ব্যাখ্যা ‘পুরোপুরি মিথ্যা’।

বিশ্লেষক হামিদরেজা বলেন, ইরান তার প্রতিবেশীদের কাছে অনুরোধ করছে তারা যেন আমেরিকা বা ইসরায়েলকে সহযোগিতা না করে এবং তাদের ভূমি বা আকাশসীমা ব্যবহার করে ইরানের ওপর আক্রমণ করতে না দেয়। তিনি এই অনুরোধকে ‘খুব স্বাভাবিক’ এবং ‘আইনসিদ্ধ’ বলে উল্লেখ করেন।