‘যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার বিষয়ে ইরানি নেতারা ঐক্যবদ্ধ ’

ইরানের নেতৃত্ব বর্তমানে দ্বিধাবিভক্ত বলে বিভিন্ন মহলে আলোচনা হচ্ছে। তবে একজন শীর্ষস্থানীয় পাকিস্তানি নিরাপত্তা বিশ্লেষক আলজাজিরাকে জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার প্রশ্নে ইরানি নেতারা এখন এক সুরে কথা বলছে। এ আলোচনার বিষয়ে তারা ঐক্যবদ্ধ।
সাউথ এশিয়ান স্ট্র্যাটেজিক স্ট্যাবিলিটি ইনস্টিটিউটের মহাপরিচালক এবং পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা মারিয়া সুলতান এই বিষয়ে ভিন্নমত পোষণ করেছেন। তিনি বলেন, ‘ইরানের নেতৃত্ব খণ্ডিত—এই ধরনের চারিত্রিক বিশ্লেষণের সঙ্গে আমি একমত নই।’
মারিয়া সুলতান আরও বলেন, ‘তাদের মূল লক্ষ্য কী এবং তারা কীভাবে সামনে এগিয়ে যেতে চায়, এই মৌলিক বিষয়গুলোতে ইরানের নেতৃত্বের মধ্যে চিন্তার ঐক্য লক্ষ্য করা যাচ্ছে। বর্তমানে দেশটির সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া অনেক বেশি ঐকমত্যভিত্তিক, যোগাযোগমুখী এবং অন্তর্ভুক্তিমূলক হয়েছে।’
পাকিস্তানের পর্যবেক্ষণ তুলে ধরে তিনি জানান, ইসলামাবাদে অনুষ্ঠিত আলোচনাগুলোর অগ্রগতি এবং চিন্তাধারার ক্ষেত্রে তারা ইরানের পক্ষ থেকে একটি ঐক্যবদ্ধ অবস্থানই দেখতে পাচ্ছেন।
এদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, তিনি ইরানে সামরিক অভিযান চালাতে প্রস্তুত। কোনো সমঝোতায় পৌঁছানো সম্ভব না হলে ইরানের বিরুদ্ধে পুনরায় হামলা শুরু হবে।
আলজাজিরার প্রতিবেদন অনুসারে ট্রাম্প বলেন, যুদ্ধবিরতির এই সময়কালকে মার্কিন সেনাবাহিনী তাদের সরঞ্জাম ও গোলাবারুদ মজুত করার কাজে ব্যবহার করেছে।
তিনি পরিস্থিতির বর্ণনা দিতে গিয়ে বলেন, আমরা এখন পুরোপুরি রণসজ্জিত হয়ে আছি। আমাদের কাছে পর্যাপ্ত গোলাবারুদসহ প্রয়োজনীয় সব সরঞ্জাম রয়েছে। আমরা এই সময়টিকে রসদ পুনর্সংগ্রহের কাজে লাগিয়েছি; সম্ভবত তারাও (ইরান) কিছুটা প্রস্তুতি নিয়েছে।
ট্রাম্প বলেন, কোনো সমঝোতায় পৌঁছানো সম্ভব না হলে ইরানের বিরুদ্ধে পুনরায় আক্রমণ শুরু করতে মার্কিন সামরিক বাহিনী সম্পূর্ণ প্রস্তুত রয়েছে।